২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বোমা হামলা ইউপি চেয়ারম্যানের বাড়িতে

ঝিনাইদহে সোমবার রাতে ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যানের বাড়িতে বোমা হামলা হয়েছে। একই রাতে র‌্যাবের অভিযানে উদ্ধার হয়েছে পাঁচটি বোমা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2010, 05:29 AM

Updated : 25 Aug 2022, 07:40 PM

ঝিনাইদহ, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহে সোমবার রাতে ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যানের বাড়িতে বোমা হামলা হয়েছে। একই রাতে র‌্যাবের অভিযানে উদ্ধার হয়েছে পাঁচটি বোমা। রাত সোয়া ১০টার দিকে ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম মাসুমের বাড়িতে বোমা হামলা হয় বলে পুলিশ ও স্থানীয়রা জানায়। তবে এতে কেউ হতাহত হয়নি। শৈলকূপার দিগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং থানা বিএনপির সহসভাপতি শরিফুলের বাসা জেলা শহরের আরাফপুরে। সেখানেই বোমা হামলা হয় বলে তিনি জানিয়েছেন। শরিফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার বেডরুম লক্ষ করে একটি বোমা ছোড়া হয়। বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হলে রুমের জানালার কাঁচ ভেঙে যায়।" পুলিশ বোমার আলামত সংগ্রহ করেছে এবং ওই এলাকায় টহল জোরদার করা হয়েছে বলে ঝিনাইদহের পুলিশ সুপার মো. রেজাউল করিম জানিয়েছেন। তবে কারা এ হামলা চালিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে র‌্যাব-৬ এর ঝিনাইদহ ফাঁড়ির কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো. রেজাউল ইসলাম সাংবাদিকদের জানান, শৈলকূপা উপজেলার বেড়বাড়ি গ্রামের একটি সেতুর পাশ থেকে পাঁচটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। একই স্থান থেকে একটি বন্দুকও উদ্ধার করা হয় বলে র‌্যাব জানিয়েছে। র‌্যাব কর্মকর্তা রেজাউল বলেন, "কোনো অপরাধ সংঘঠনের জন্য সন্ত্রাসীরা বোমা ও অস্ত্র এনেছিলো। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা এগুলো ফেলে পালিয়ে যায়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১১১ ঘ.