২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কনে দেখা নিয়ে সংঘর্ষ, আহত ৫০

সুনামগঞ্জের ছাতকে বিয়ের কনে দেখাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে শিশু ও মহিলাসহ ৫০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2010, 05:08 AM

Updated : 25 Aug 2022, 07:40 PM

সুনামগঞ্জ, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের ছাতকে বিয়ের কনে দেখাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে শিশু ও মহিলাসহ ৫০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২১ জনকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাত ১০টার দিকে উপজেলার নোয়ারাই ইউনিয়নের বাজপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে সুলতানা বিবি (৩৮), পপি বেগম (১৩), বুলবুলী বেগম (২০), চম্পা বেগম (২১), রুবিনা আক্তার (৪০), মজিলা খাতুন (৪২), ময়না বেগম (৫৫), রাহেলা খাতুন (৫৫), নদী বেগম (৩২), রাজা মিয়া (৭), সুমন আহমদ (১৭), আকল মিয়া (২৮), মকবুল হোসেন (২৬), লিটন বর্ধন (২০), সাজ মিয়া (১৮), নেতু মিয়া (৩৮), মোহাম্মদ আলী (৪৫), সাহা আলী (৬০), ইসলাম উদ্দিন (১২), আবুল কালাম (৩০) ও আরজকে (২৮)। আনোয়ার হোসেন (৩৭) নামের একজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাতক থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ জানান, নোয়ারাই ইউনিয়নের বাজপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে নূর আলম ও তার আত্মীয়রা বিয়ের কনে দেখতে সোমবার রাতে একই গ্রামের মৃত ফুল মিয়ার বাড়িতে যায়। কনে দেখার পর দুপক্ষের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায় এবং দু'পক্ষই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ২ ঘণ্টা ধরে সংঘর্ষে শিশু ও মহিলাসহ উভয় পক্ষের ৫০ জন আহত হয়। ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১১০৬ ঘ.