সাভার (ঢাকা), নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি নিহত হয়েছে।
মঙ্গলবার প্রথম প্রহরে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে 'বন্দুকযুদ্ধ' হয়। নিহত ব্যক্তি ছিনতাইকারী বলে র্যাব জানিয়েছে।
র্যাব-৪ সাভার ফাঁড়ির অধিনায়ক মেজর শেখ তারেক আজিজ সাংবাদিকদের বলেন, রাত ১টার দিকে এক ব্যক্তি রিকশা নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশমাইল গেট থেকে রিকশা নিয়ে গকুলনগর যাচ্ছিলো।
"রিকশাটি সেনানিবাসের এমপি চেকপোস্ট পেরিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে একটু নিচে নামা মাত্রই ৩/৪ জন ছিনতাইকারী ওই ব্যক্তিকে আটকায়। ওই সময় রিকশারোহীর চিৎকার শুনে র্যাবের টহল দল এগিয়ে গেলে ছিনতাইকারীরা গুলি ছুড়তে শুরু করে। তখন র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়।"
প্রায় আধা ঘণ্টা 'বন্দুকযুদ্ধ'র পর ছিনতাইকারীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে এক ছিনতাইকারীর লাশ পাওয়া যায় বলে র্যাব কর্মকর্তা তারেক জানান।
র্যাব বলছে, ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার, একটি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলি ও এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
লাশটি পরে পুলিশের কাছে তুলে দেওয়া হয়। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী খায়রুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতের বুকে, হাতে ও গলায় ছয়টি গুলি বিঁধেছে।
ময়না তদন্তের জন্য লাশটি মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
এর আগে গত ১২ নভেম্বর আশুলিয়ার বিশমাইল-জিরাব সড়কে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়। নিহতারা অপহরণকারী বলে আইন-শৃঙ্খলা বাহিনী জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৫৫ ঘ.
bdnews24