২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনসিটি দ্রুত চালুর দাবি

চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা দ্রুত নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) চালুর দাবি জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2010, 04:44 PM

Updated : 25 Aug 2022, 07:39 PM

চট্টগ্রাম, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা দ্রুত নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) চালুর দাবি জানিয়েছেন। টার্মিনালটিতে অপারেটর নিয়োগ প্রক্রিয়ার ধীরগতিতেও উদ্যোগ প্রকাশ করেন তারা। তবে বন্দরের বর্তমান পরিস্থিতিতে ব্যবহারকারীরা সন্তোষ প্রকাশ করেছেন। সেনা প্রত্যাহারের পর এই পরিস্থিতি ধরে রাখতে বন্দর কর্তৃপক্ষকে উদ্যোগ গ্রহণের আহবান জানান তারা। সোমবার বন্দর কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত মাসিক বৈঠকে ব্যবসায়ীরা তাদের উদ্বেগ ও দাবির বিষয়টি জানান। গত দুই বছরেও এনসিটিতে অপারেটর নিয়োগের প্রাক দরপত্রের প্রক্রিয়া শেষ করতে না পারা উদ্বেগ প্রকাশ করেন বন্দর ব্যবহারকারীরা। এই কারণে এ সরকারের আমলে টার্মিনালটি বেসরকারি খাতে ছেড়ে দেওয়া নিয়েও তারা সংশয় প্রকাশ করেন। বন্দরভবনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর আর ইউ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক এই বৈঠকে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর পরিচালক এসএম নুরুল হক বলেন, ট্রানজিটের জন্য বন্দরের গতিশীলতা বাড়াতে এনসিটি দ্রুত চালু করা জরুরি। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরামর্শক প্রতিষ্ঠান অপারেটর নিয়োগে যেসব শর্ত দিয়েছে সেগুলো সংশোধন করায় টার্মিনালটিতে আন্তর্জাতিক মানের অপারেটর নিয়োগে সংশয় দেখা দিয়েছে। তার দাবি, অভিজ্ঞতার শর্ত শিথিল করে তা সাধারণ মানের করা হয়েছে। বৈঠকে বন্দর চেয়ারম্যান কমোডর আর ইউ আহমেদ বলেন, দেশীয় প্রতিষ্ঠানের অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেওয়ার জন্য দরপত্রের শর্ত শিথিল করা হয়েছে। এই টার্মিনালে যন্ত্রপাতি প্রতিস্থাপন করে অপারেশন শুরু করতে অন্তত ২০ মাস সময় লাগবে। চারদলীয় জোট সরকারের আমলে এনসিটি নির্মাণের কাজ শেষ হয়। তত্ত্বাবধায়ক সরকারের সময় শুরু হয় অপারেটর নিয়োগের প্রাক দরপত্রের প্রক্রিয়া। গত বছর চারটি প্রতিষ্ঠানকে প্রাকযোগ্য প্রতিষ্ঠান হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু আগের প্রাক-দরপত্র বাতিল এবং শর্ত সংশোধন করে এ বছরের ২৭ জুন নতুন দরপত্র আহবান করা হয়। দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিলো গত ১০ নভেম্বর। কিন্তু দরপত্র জমা দেওয়ার সময় ২৯ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। বৈঠকে বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী সংগঠনের নেতারা বর্তমান পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেছেন জানিয়ে বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন জানান, ব্যবসায়ীরারা বন্দরের বর্তমান অবস্থা ধরে রাখতে একটি 'ফাংশনাল কমিটি' করার প্রস্তাব দিয়েছেন। আগামীতে অনুষ্ঠেয় উপদেষ্টা কমিটির বৈঠকে বিষয়টি আলোচনার জন্য উত্থাপন করা হবে বলে বন্দর চেয়ারম্যান বৈঠকে জানিয়েছেন। বৈঠকে আরো উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মেট্টোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এ এম মাহবুব চৌধুরী, শিপার্স কাউন্সিলের প্রতিনিধি জসিম ইউ আহমেদ, সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি কে এম আকতার হোসেন, বার্থ অপারেটর ও শিপ হ্যান্ডলিং অপারেটর ওনার্স এসোসিয়েশনের সভাপতি ফজলে ইকরাম চৌধুরী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২২৪৬ ঘ.