সাতক্ষীরা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাল্যবিয়ে দেওয়ার অভিযোগে সাতক্ষীরার দেবহাটা উপজেলায় বিয়ের কাজীকে আটক করেছে পুলিশ।
সোমবার বিকালে উপজেলার নাংলা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় বিয়ের আসর বর পালিয়ে গেছে।
আটক কাজী আব্দুল হামিদ উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য।
দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কালাচাঁদ সিংহ বলেন, উপজেলার নাংলা মাদ্রাসার অষ্টম শ্রেণীর এক ছাত্রীর বিয়ে হচ্ছে জানতে পেরে তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান।
কিন্তু তার আগে বিয়ে সম্পন্ন হওয়ায় আব্দুল হামিদকে আটক করা হয়। বরযাত্রী নিয়ে আসা গাড়িটিও আটক করা হয়েছে।
ইউএনও আরো বলেন, মেয়েটির বয়স হবে সর্ব্বোচ্চ তের বছর। অথচ বিয়ে পড়ানোর সময় তার বয়স দেখানো হয় আঠার বছর।
এদিকে পুলিশ আসার পর বর আবুল কালাম (২৬) বিয়ের আসর থেকে পালিয়ে যায়। আবুল কালাম উপজেলার চিনেডাঙ্গা গ্রামের সামছুদ্দীন গাজীর ছেলে।
এ ঘটনায় দেবহাটা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৯ ঘ.
bdnews24