২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় নিহত ১০

লালমনিরহাট, যশোর, গাইবান্ধা, কুড়িগ্রাম, মাগুরা, ঝিনাইদহ ও কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ১০জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2010, 12:31 PM

Updated : 25 Aug 2022, 07:39 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লালমনিরহাট, যশোর, গাইবান্ধা, কুড়িগ্রাম, মাগুরা, ঝিনাইদহ ও কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ১০জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৬৩ জন। এর মধ্যে সোমবার ভোররাতে কুমিল্লার চৌদ্দগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে বিডিআর সদস্যসহ তিনজন মারা গেছে। রোববার রাতে লালমনিরহাটে পৃথক দুর্ঘটনায় মারা গেছে দুজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিরে পাঠানো খবর: কুমিল্লা: চৌদ্দগ্রামের সাতগড়িয়ায় ভোররাতে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী একটি ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যায় বিডিআরের নায়েক সহিদ, বাসচালক আবু সাঈদ ও তার সহাকারী জুয়েল। বিডিআর সদস্য সহিদের বাড়ি বাগেরহাটে। দুর্ঘটনায় আহত হয় অন্তত ২০জন। তাদের কুমিল্লার চৌদ্দগ্রাম ও ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই বাসযাত্রী। চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাগেরহাট থেকে চট্টগ্রাম যাওয়ার পথে বাসটি ভোর সাড়ে ৪টার দিকে সাতগড়িয়া পৌঁছালে চট্টগ্রাম থেকে সিলেটগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা ও কালীগঞ্জ উপজেলায় রোববার রাতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং চারজন আহত হয়েছে। পাটগ্রাম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হেলাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ১১টার দিকে পাটগ্রামে ট্রলির ধাক্কায় যাত্রীবাহী একটি টেম্পো খাদে পড়ে ঘটনাস্থলে জহুরুল (৩০) মারা যান। টেম্পোটি উপজেলার জোংড়া থেকে পাটগ্রামে আসছিলো। নিহত জহুরুলের বাড়ি পাটগ্রাম উপজেলার পানবাড়ি গ্রামে। লাশ তার পরিবার নিয়ে গেছে। দুর্ঘটনায় আহত হয় আফজাল (৪৫), হারুন (২৫), জব্বার (২৮) ও আশরাফুল (৩০)। তাদের পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে কালীগঞ্জ উপজেলার ইশোরকুল গ্রামে রোববার রাত নয়টার দিকে মটরসাইকেল দুর্ঘটনায় নূর ইসলাম (২৮) নামে একজন মারা গেছেন। তার বাড়ি ওই গ্রামে। এলাকাবাসী জানায়, নূর রাত ১১টার দিকে কাকিনা বাজার থেকে মটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে একটি ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশের পুকুরে পড়ে আহত হন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মারা যান। যশোর: মনিরামপুর উপজেলায় যশোর-মনিরামপুর সড়কের গোয়ালদায় সোমবার সকালে একটি যাত্রীবাহী বাস উল্টে পিয়ারি খাতুন (২২) নামে এক যাত্রী মারা গেছেন। আহত হয়েছে আরো অন্তত ১৮জন। এদের মধ্যে নয়জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই বাসযাত্রী ছিলেন। নিহত পিয়ারি রোহিতা গ্রামের আব্দুল আলিমের স্ত্রী বলে জানান কোতয়ালি থানার ওসি মোয়াজ্জেম হোসেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসটি রাজগঞ্জ থেকে যশোর যাচ্ছিলো। সকাল ১০ টার দিকে এই দুর্ঘটনায় আহতদের যশোর সদর হাসপাতালে নেওয়ার পর পিয়ারি মারা যান। গাইবান্ধা: বগুড়া-রংপুর মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ীতে সকালে একটি যাত্রীবাহী বাস পণ্যবাহী ট্রাককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাসের তত্ত্বাবধায়ক শরিফ উদ্দিন (৪৫) নিহত হন। আহত হয় বাসের আরো ২০ যাত্রী। তাদের রংপুর সদর হাসপাতাল ও পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত শরিফের বাড়ি পঞ্চগড় বলে জানান গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আবু সাঈদ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা থেকে পঞ্চগড়গামী "জয় স্পেশাল" কোচটি সকাল ৬টার দিকে পলাশবাড়ীর উত্তর বাসস্ট্যান্ডে রাস্তার পাশের দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পিছন থেকে ধাক্কা দেয়। আহতদের মধ্যে দিনাজপুরের জবা রানী (২৫), পঞ্চগড়ের রোশনা (৩০), রংপুরের বদরগঞ্জের রুপালী রানী (৩০) ও তার ছেলে হিরককে (১) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পুলিশ বাস ও ট্্রাকটি আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানান ওসি। কুড়িগ্রাম: নাগেশ্বরী উপজেলার ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কের চন্ডিপুর বাজার এলাকায় সকালে যাত্রীবাহী একটি বাসের চাপায় শাহিনুর ইসলাম (১৩) নামে জেএসসি পরীক্ষার্থী মারা গেছে। দুর্ঘটনায় শাহিনুরের বাবা আব্দুস সালামও আহত হন। তাকে প্রথমে নাগেশ্বরী হাসপাতাল পরে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়। শাহিনুর ইসলাম উত্তর কুমরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র ছিলো। নাশেশ্বরী থানার ওসি মঞ্জুর রহমান জানান, শাহিনুর উত্তর কুমরপুর এলাকা থেকে ভিতবন্দ উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিলো পরীক্ষা দিতে। সকাল ৯টার দিকে চন্ডিপুর বাজার এলাকায় ভুরুঙ্গামারী থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসটি তাদের পিছন থেকে চাপা দেয়। মাগুরা: সদর উপজেলার আঠারখাদা মঠবাড়ি এলাকায় সকালে শ্রীপুর-মাগুরা সড়কে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয় স্থানীয়ভাবে তৈরি যান্ত্রিক যান গ্রামবাংলা। এতে অটোরিকশাচালক ইকরাম হোসেন (২০) মারা যান। তার বাড়ি মাগুরা শহরতলীর আঠারখাদা গ্রামে। দুর্ঘটনার পর এলাকাবাসী শ্রীপুর-মাগুরা সড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কুমকুম বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টার দিকে শ্রীপুর থেকে মাগুরা আসার পথে দুর্ঘটনার শিকার হন ইকরাম। অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে তিনি জানান। ঝিনাইদহ: ঝিনাইদহ-মাগুরা সড়কের পোড়াহাটিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোজাম্মেল হক পিটার (২৮) নামের একজন মারা গেছেন। আহত হয় তার খালাতো বোন রওশনারা (৩০) ও তার ছেলে মাহমুদ হাসান নাইম (৫)। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) জানান, পিটারের বাড়ি মাগুরার হাজিপুর গ্রামে। মটরসাইকেলে করে তারা ঝিনাইদহ থেকে মাগুরা যাচ্ছিলো। পুলিশ বাস ও এর চালককে আটক করেছে বলে এএসপি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এলএন/এমএসবি/১৮৩০ ঘ.