চট্টগ্রাম, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছিনতাইয়ের টাকা ও অস্ত্রসহ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা থেকে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার গভীর রাতে নগরীর মুরাদপুরসহ কয়েকটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুটি লাইটগান (এলজি), পাঁচ রাউন্ড গুলি, একটি চাপাতি, ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা এবং ছিনতাই করা তের হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মনছুর আলম রুবেল (২২), হাছান আলী ইয়াছিন (২৬) ও মোহাম্মদ বাবুল (২৩)।
এরা নগরীর বায়েজীদ বোস্তামি থানার আতুরার ডিপো এলাকার বাসিন্দা।
পাঁচলাইশ থানার ওসি নবজ্যোতি খীসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার বিকালে পাঁচলাইশ থানার ষোলশহর সিডিএ এভিনিউ এলাকায় এক ব্যবসায়ীর কাছ থেকে ৪১ হাজার টাকা ও দুটি মোবাইল ফোনসেট ছিনিয়ে নেয় পাঁচ সশস্ত্র ছিনতাইকারী।
পালিয়ে যাওয়ার সময় রুবেলকে স্থানীয়দের সহায়তায় পুলিশ ধরে ফেলে। তার স্বীকারোক্তি অনুযায়ী রোববার রাতে আরো দু'জনকে গ্রেপ্তার করা হয় বলে ওসি জানান।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।
এ ঘটনায় পাঁচলাইশ থানায় পৃথক দু'টি মামলা হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/এমএসবি/১৭৫৪ ঘ.
bdnews24