ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বনানী এলাকায় সোমবার ট্রেনের ধক্কায় এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
দুপুর ১টার দিকে বনানী চেয়ারম্যান বাড়ির সৈনিক ক্লাবের সামনের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোশারফ হোসেন (২০) বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার ম্যাডোনা ফ্যাশানের মেশিন সহকারী ছিলেন। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
ম্যাডোনা ফ্যাশানের প্রডাকশন ম্যানেজার মো. শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রেনটি সে সময় কমলাপুর থেকে আসছিলো। মোশারফ রেললাইনে দাঁড়িয়ে অন্যমনষ্কভাবে সিগারেট খাচ্ছিলেন।
তিনি বলেন, "ট্রেনের ধাক্কায় মোশাররফ পাশে ছিটকে পড়েন। দ্রুত উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।"
কমলাপুর রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনোয়ার কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, রেল দুর্ঘটনায় নিহত একজনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে আছে। সেখান থেকে তাদেরকে এই খবর পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/এজে/১৪৪৩ ঘ.
bdnews24