২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেমের কারণে সূত্রাপুরে যুবক হত্যার অভিযোগ

রাজধানীতে প্রেমের কারণে মাহবুবুর রহমান রবিন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ করেছে তার পরিবার। পুলিশ বলছে, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2010, 12:33 PM

Updated : 25 Aug 2022, 07:38 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে প্রেমের কারণে মাহবুবুর রহমান রবিন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ করেছে তার পরিবার। পুলিশ বলছে, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। রবিনের (২৫) চাচাতো বোন শাহিদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শনিবার জানান, শুক্রবার সন্ধ্যার দিকে রবিনের পরিচিত কয়েকজন যুবক বাসা থেকে তাকে ডেকে নিয়ে যায়। পরে রাত ১১টার দিকে তাকে মুমূর্ষু অবস্থায় নাসির উদ্দিন সরদার লেনের আল মঈন মাদ্রাসার সামনে পাওয়া যায়। স্বজনরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করার কিছুক্ষণ পর মারা যান রবিন। দুই ভাই একবোনের মধ্যে রবিন সবার ছোট। তাদের বাসা সূত্রাপুরের ৭৯ নাসির উদ্দিন সরদার লেনে। তিনি ধোলাইখাল এলাকায় গাড়ির যন্ত্রাংশের ব্যবসা করতেন বলে জানায় তার পরিবার। শাহিদা বলেন, রবিন ছাদ থেকে পড়েছে বলে প্রথমে জানায় স্থানীয়রা । "সূত্রাপুরের অধিবাসী কাপাসিয়ার এক কলেজ অধ্যক্ষের মেয়ের সঙ্গে রবিনের প্রেমের সম্পর্ক ছিলো," জানিয়ে তিনি অভিযোগ করেন, "তাকে প্রেমের কারণে হত্যা করা হয়েছে।" নিহতের মা ফরিদা বেগম অভিযোগ করেন, কলেজ অধ্যক্ষের মেয়ের সঙ্গে প্রেমের কারণে রবিনকে ঈদের দিনও তাদের বাসায় চার ঘণ্টা আটকে রেখে মারধর করা হয়। সূত্রাপুর থানার ওসি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রাথমিক তদন্তে এটা দুর্ঘটনা মনে হচ্ছে না । ধারণা করা হচ্ছে কেউ রবিনকে মেরে ওই স্থানে ফেলে রাখে।" নিহতের স্বজনদের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/১৮২৭ ঘ.