নড়াইল, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তার নিয়ে নড়াইলের লোহাগড়া উপজেলায় আওয়ামী লীগ ও যুবলীগের সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।
পুলিশ জানিয়েছে, শুক্রবার সকাল ৯টার দিকে লক্ষ্মীপাশা ইউনিয়নের উলাগ্রামে এ সংঘাত শুরু হয়। এ সময় কমপক্ষে ১৫টি বাড়িতে ভাংচুরের ঘটনাও ঘটে।
আহতদের মধ্যে লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) শংকর কুমার মাতুব্বর (৪২), কনস্টেবল কালাম (৩৭), যুবলীগ নেতা কাজী বশিরুল হক (৩৫), বুলু কাজী (৩০), জাকির (৩৫), টুটুল (৩৮), আশরাফুল (৪০), হাসমত শেখ (৪৫) ও শহিদুর রহমান সরদার (৬৫) রয়েছেন।
বশিরুল, হাসমত, আশরাফুল, টুটুল ও শহিদুরকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত পুলিশ কর্মকর্তা শংকর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,আধিপত্য বিস্তার নিয়ে লোহাগড়া পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী বনি আমিন এবং যুবলীগ নেতা কাজী বশিরুল হকের মধ্যে বিরোধ চলে আসছিল।
তিনি বলেন, "ওই বিরোধের জের ধরে শুক্রবার সকাল ৯টার দিকে বনি আমিনের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বশিরুল হকসহ তার সমর্থকদের ওপর হামলা চালায়। সংঘর্ষ ঠেকাতে গেলে বনি আমিনের লোকজন আমাদের ওপরও হামলা চালায়।
"বনি আমিনের লোকজন প্রতিপক্ষের ১৫টি বাড়িতে ভাংচুর চালিয়েছে। সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।"
লোহাগড়া থানার ওসি গোলাম মোস্তফা ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১২৫৯ ঘ.
bdnews24