২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় সরকারি জমি দখল করা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে একজন মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2010, 12:58 PM

Updated : 25 Aug 2022, 07:38 PM

হবিগঞ্জ, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় সরকারি জমি দখল করা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে একজন মারা গেছেন। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার আগুয়া ও কাওরাকান্দি গ্রামের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। এতে গলায় প্রতিপক্ষের টেটাবিদ্ধ হয়ে মারা যান আবুল হোসেন (২৮)। সংঘর্ষে আরো অর্ধশতাধিক লোক আহত হয়েছে। এদের মধ্যে চারজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের ভর্তি করা হয়েছে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে। হবিগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপারিনটেনডেন্ট জিললুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টায় বানিয়াচং উপজেলার আগুয়া বাজারের সরকারি জায়গা দখল নিয়ে টেটা, বল্লম, ফিকল, হলাসহ দেশীয় অস্ত্র নিয়ে আসে কাওরাকান্দি গ্রামের কয়েকশ' লোক। ওই জমির দাবিদার আগুয়া গ্রামের লোকজন তাদের বাধা দেয়। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। দুর্গম হাওর অঞ্চল হওয়ায় পুলিশ যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। তবে দুপুর দেড়টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে পুলিশ কর্মকর্তা জানান। তিনি আরো জানান, গরুর জমির ধান খাওয়াকে কেন্দ্র করে হবিগঞ্জের বাহুবল উপজেলার বক্তারপুর গ্রামে দু'দলের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে ৩০ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫৯ ঘ.