বরিশাল, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বরিশালে জামায়াত নেতার নেতৃত্বে সংখ্যালঘু একটি পরিবারের বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার ঈদের দিন দুপুরে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের রাজারচর গ্রামের বাইন বাড়িতে এই হামলা হয়।
হামলাকারীরা একজনকে কুপিয়ে জখম করেছে বলে খবর পাওয়া গেছে।
তবে অভিযুক্ত জামায়াত নেতার বক্তব্য পাওয়া যায়নি।
হামলার শিকার পরিবারটির সদস্য সঞ্জীব চন্দ্র বাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের সঙ্গে জমি নিয়ে স্থানীয় হাতেম আলী সিকদারের বিরোধ রয়েছে।
এর জের ধরে বুধবার বিকাল ৩টার দিকে হাতেমের ছেলে চরমোনাই ইউনিয়ন শাখা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল সিকদারের নেতৃত্বে ১৫/২০ জনের একটি সশস্ত্র দল তাদের বাড়িতে হামলা চালায়।
তিনি দাবি করেন, হামলাকারীরা তাদের তাড়িয়ে দেওয়ার জন্য ঘর ভেঙ্গে ফেলে। কুপিয়ে জখম করে বড়ভাই অনুকূল চন্দ্র বাইনকে (৪২)। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
এ ঘটনায় তারা মামলা করবেন বলে জানান তিনি।
অনুকূলের মা নন্দ রানী (৬২) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হামলাকারীরা তাকে ধাক্কায় দিয়ে মাটিতে ফেলে দেয় এবং খালের পানিতে চুবিয়ে মেরে ফেলারও হুমকি দেয় তারা।
এছাড়া তার দুই নাতনিকে হামলাকারীরা ধাওয়া করে।
স্থানীয় বাসিন্দা এবিএম আবুয়াল হোসেন বলেন, ঈদের দিন একটি পরিবারের ওপর হামলা লজ্জাজনক। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি পরিবারটি সব ধরনের সহায়তা দেবেন বলে জানান।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. বাচচু হামলার সত্যতা স্বীকার করে বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে দুপক্ষের মধ্যে হতাহাতি হয়। এক পর্যায়ে সঞ্জীব ঘরে আশ্রয় নিলে তার দরজা ভাংচুর করা হয়। এর বেশি কিছু হয়নি বলে জানান তিনি।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, "আমি হামলার কথা শুনেছি।"
কোতয়ালি মডেল থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন জানান, পুলিশ ঘটনাটি শুনেছে। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৬ ঘ.
bdnews24