কিশোরগঞ্জ, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিশোরগঞ্জে বৃহস্পতিবার দুটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন মারা গেছে।
এর মধ্যে সকাল সাড়ে ১১টার দিকে কটিয়াদি উপজেলায় বাসা ও পিকআপের সংঘর্ষে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থীসহ চারজন মারা গেছে। আহত হয়েছে অন্তত ১৫ জন।
দুপুরে পাকুন্দিয়া উপজেলায় আরেকটি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন একজন।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- ওই এলাকার পুলেরঘাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র জালাল (১৪), জোছনা (২৬), শাহাবুদ্দিন (২০) ও শরীফ (৩)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের আচমিতা এলাকায় বাস ও পিকআপের সংঘর্ষে চারজন মারা গেছে। নিহতদের মধ্যে তিনজন পিকআপের যাত্রী। আরেকজন বাসচালক।
এদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা গেছে পিকআপযাত্রী জেএসসি পরীক্ষার্থী জালাল। অন্য তিনজন ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এর মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি।
তারা জানান, পিকআপটি কিশোরগঞ্জ থেকে কটিয়াদি সদরে যাচ্ছিলো। অন্যদিকে যাত্রী নিয়ে কটিয়াদি থেকে বাসটি যাচ্ছিলো ঢাকা।
দুর্ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে বাজিতপুর ভাগলপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর হয়। সেখানে চিকাৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বাসচালক শাহাবুদ্দিন, জোছনা ও অজ্ঞাত পরিচয় একজন।
আহত বাকিদের কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ও কটিয়াদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কটিয়াদি থানার উপ-পরিদর্শক (এসআই) মনসুর আহমেদ সাংবাদিকদের জানান, দুর্ঘটনার পরপরই পিকআপ চালক পালিয়ে গেছে। তবে বাস ও পিকআপটি আটক করা হয়েছে।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, পাকুন্দিয়া থেকে হোসেনপুর উপজেলাগামী একটি কোমল পানীয়বাহী পিকআপ ভ্যান তারাকান্দি এলাকায় রাস্তার পাশে খেলারত শিশু শরীফকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা পিকআপটিকে ধাওয়া করে। এক পর্যায়ে চালক পিকআপ ফেলে পালিয়ে যান।
পাকুন্দিয়া থানার ওসি আমিনুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পিকআপটি ভ্যানটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১৩ ঘ.
bdnews24