ভোলা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোলার দৌলতখান উপজেলায় বাসের ধাক্কায় মারা গেছে মটরসাইকেলের দুই আরোহী।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ভোলা-চরফ্যাশন সড়কের বঙ্খালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলো- শাকিল (১৮) ও সোহেল (১৭)। তাদের বাড়ি সদর উপজেলার চরনোয়াবাদ এলাকায়। তারা দুজন এসএসসি পরীক্ষার্থী ছিলো।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দৌলতখান থানার ওসি মীর খায়রুল কবির সাংবাদিকদের জানান, মটরসাইকেলে করে ভোলা থেকে শাকিল ও সোহেল বোরহানউদ্দিন উপজেলায় যাচ্ছিলো। বঙ্খালী এলাকায় বিপরীত দিক থেকে আসা আনন্দ পরিবহনের একটি বাস মটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই মটরসাইকেলের দুই আরোহী মারা যায়।
ওসি আরো জানান, নিহতদের লাশ ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৪৫২ ঘ.
bdnews24