২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় ২১ জনের মৃত্যু

কুমিল্লা, নরসিংদী, মাগুরা, বরিশাল, বাগেরহাট ও রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ২১ জন মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2010, 05:16 PM

Updated : 25 Aug 2022, 07:37 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুমিল্লা, নরসিংদী, মাগুরা, বরিশাল, বাগেরহাট ও রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ২১ জন মারা গেছে। কুমিল্লায় বুধবার সন্ধ্যায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন মাইক্রোবাসের পাঁচ আরোহী। মঙ্গলবার গভীররাতে বাস চাপায় সস্ত্রীক মারা গেছেন এক পরিবহন মালিক। পরদিন ভোররাতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মারা গেছে আরো চারজন। ঈদুল আজহার দিন বুধবার মাগুরায় মারা গেছে তিনজন। নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়েছে। বরিশাল, বাগেরহাট ও রাজশাহীতে গাড়ি চাপা পড়ে তিনজন মারা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার কালাকচুয়ায় একটি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছে। এই পাঁচ জনই মাইক্রোবাসের যাত্রী। তারা ঘটনাস্থলেই মারা যায়। তাদের মধ্যে একটি শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১৫ জন। বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসের আহত যাত্রী বাবুল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাপিয়া পরিবহনের বাসটি কুমিল্লা থেকে দাউদকান্দি যাচ্ছিল। ঢাকা থেকে রামগঞ্জগামী একটি মাইক্রোবাসের সাথে কুমিল্লার কালাকচুয়ায় বাসটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। মাইক্রোবাসের ৮ জন আরোহীর মধ্যে চালকসহ ৫ জন ঘটনাস্থলেই মারা যায়। আহতদের বেশিরভাগ বাসের যাত্রী। কুমিল্লা সেনানিবাস পুলিশ ফাঁড়ির দায়িত্বে নিয়োজিত উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মাইক্রোবাস যাত্রীরা লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার উত্তর থিউরি গ্রামে যাচ্ছিলেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়ি দুটি আটক করা হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।" তিনি জানান, নিহতদের মধ্যে তিনজন হলেন মো. ইউসুফ, কলিম মিয়া ও মোস্তাফ। দুজনের নাম জানা যায় নি। ওদিকে বুধবার ভোররাত ৪টার দিকে কুমিল্লার বিজয়জুরে দু'টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন-নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আবদুল্লাহপুরের ওসমান আলীর ছেলে আবদুল মালেক ভূঁইয়া (৬০), সুধারামের রামানন্দ গ্রামের আবদুল হাকিমের ছেলে নুরুন্নবী (৭০) ও শালিপুরের মিলন মিয়ার স্ত্রী রোজিনা আক্তার (৪০)। আহতদের কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুমিল্লা মহাসড়ক পুলিশের উপপরিদর্শক (এএসআই) মোক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুমিল্লা-চাঁদপুর সড়কের বিজয়পুরে রামগঞ্জ থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকা থেকে নোয়াখালীগামী অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান তিনজন। হাসপাতালে নেওয়ার পর আরো এক যাত্রী মারা যান। এএসআই জানান, বাস দুটি উদ্ধার করা হলেও এর চালকেরা পালিয়ে গেছে। অন্যদিকে, সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় আবাবিল পরিবহনের এক মালিক সস্ত্রীক নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মামুন এক্সপ্রেসের একটি বাসের সঙ্গে তাদের প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মিঠু ও তার স্ত্রীর মৃত্যু হয়। আহত হয় প্রাইভেটকারের তিন আরোহী শাহাবুদ্দিন (৫৫), তানজিনা তাবাসসুম (২৫) এবং মৃদুল (১০)। তাদেরকে কুমিল্লা শহরের বেসরকারি পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুমিল্লা মহাসড়ক পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অজিত কুমার সূত্রধর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রাইভেটকারটি ঢাকা থেকে নোয়াখালীর বেগমগঞ্জের ধন্যপুর যাচ্ছিলো। তিনি বলেন, "পথে কুমিল্লার কোটবাড়ি রাস্তার মাথায় আসার পর চট্টগ্রাম থেকে ঢাকাগামী মামুন এক্সপ্রেসের একটি বাসের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত ও তিনজন আহত হয়।" কুমিল্লার সদর দক্ষিণ থানার ওসি মো. ফরহাদ জানান, নিহত দুজন হলেন- ঢাকার অভ্যন্তরীণ রুটে চলাচলকারী আবাবিল পরিবহনের এক মালিক মিঠু ও তার স্ত্রী। তারা পুলিশের সাবেক মহাপরিদর্শক মো. শাহজাহানের নিকট আত্মীয়। নরসিংদী: সকালে শিবপুর উপজেলার পুরান্দিয়া এলাকায় ও সদর উপজেলার শাহেপ্রতাপ মোড়ে দুটি দুর্ঘটনায় মারা গেছেন চারজন। এরা হলেন- শাহেপ্রতাপ এলাকার হোসেন আলী (৬৫),শিবপুর মানিকদি গ্রামের সিএনজিচালিত অটোরিকশাচালক আবুল কাসেম (৩৫), তার ভাই শফিকুল ইসলাম (২২) ও ভাইপো বিজয় (৪)। পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, সকাল সাড়ে ৯ টায় ঈদের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের শাহেপ্রতাপ মোড়ে মটরসাইকেল চাপায় হোসেন আলী মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করে মটরসাইকেলটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে। সদর থানার ওসি নজরুল ইসলাম দুর্ঘটনায় মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। বেলা সাড়ে ১১টায় শিবপুরের পুরান্দিয়া এলাকায় একটি বালু বোঝাই ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে মারা গেছে অটোরিকশাচালক, তার ভাই ও ভাইপো। খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করেছে। তবে ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে গেছে। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শিবপুর মডেল থানার ওসি মজিবুর রহমান মজুমদার জানান, ঈদুল আজহা উপলক্ষে অটোরিকশাচালক তার ভাই ও ভাইপোকে নিয়ে বেড়াতে যাওয়ার সময় দূর্ঘটনার শিকার হন। মাগুরা: বড় ভাই শরিফুল ইসলাম শাহাদতকে শেষবারের মতো দেখা হলো না ছোট বোন রাবেয়া বেগমের। শাহাদতের (৬৫) মৃত্যুর খবরে স্বামী আবু জাফরকে (৬০) নিয়ে বুধবার ভোররাতেই ব্যাটারিচালিত যান ইজিবাইকে ঝিনাইদহ থেকে মাগুরায় রওনা হয়েছিলেন রাবেয়া বেগম (৫০)। কিন্তু ভাইয়ের বাড়ি পৌঁছানোর আগেই মাগুরা-ঝিনাইদহ সড়কের রামনগরে যাত্রীবাহী বাসচাপায় মৃত্যু হয়েছে রাবেয়া ও তার স্বামীর। ঘটনাস্থলে মারা গেছেন ইজিবাইকচালক ওবায়দুলও (৩০)। পুলিশ জানিয়েছে, স্বামী আবু জাফরের সঙ্গে ঝিনাইদহ বসবাস করতেন রাবেয়া। তার ভাই শাহাদতের বাসা মাগুরা শহরের পারনান্দুয়ালী বেপারী পাড়ার। মঙ্গলবার দিবাগত রাতে স্বাভাবিক মৃত্যু হয় তার। এ খবরে রাবেয়া স্বামীকে নিয়ে মাগুরার উদ্দেশে রওনা হন। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রামনগরে পেছন থেকে ঢাকাগামী দর্শনা ডিলাক্সের একটি যাত্রীবাহী বাস তাদের ইজিবাইককে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তিনি জানান, খবর পেয়ে লাশ তিনটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বরিশাল: সকাল সাড়ে ৮টার দিকে বরিশালের আগৈলঝাড়া উপজেলার নাঘিরপাড় এলাকায় মটরসাইকেলের ধাক্কায় ফুলমিয়া বাহাদুর (৪২) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি উপজেলার সোলাইপাড় এলাকার বাসিন্দা। আগৈলঝাড়া থানার ওসি অশোক কুমার নন্দী জানান, ফুলমিয়া ঈদের নামাজ আদায় করার উদ্দেশ্যে ময়দানে যাচ্ছিলেন। পিছন থেকে বেপরোয়া গতিতে মটরসাইকেলটি তাকে ধাক্কা দেয়। ফুলমিয়াকে গৈলা স্বাস্থ্য কমপে