২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানে আরো পাইলট নিয়োগের উদ্যোগ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য আরো পাইলট নিয়োগের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2010, 02:03 PM

Updated : 25 Aug 2022, 07:38 PM

রিয়াজুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য আরো পাইলট নিয়োগের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। ঈদের পরপরই এ নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন বিমানের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পাইলট নিয়োগ ছয় বছরেরও বেশি বন্ধ থাকার পর গত মার্চে ৬ জন পাইলট আমরা নিয়োগ দিয়েছি। পরিকল্পনা করেছি ছয় মাস পর পর নতুন পাইলট নিয়োগ দেওয়া হবে। তাই ঈদের পরপরই আরো প্রায় ১৫ জন পাইলট নিয়োগ দেওয়া হবে।" বিমানের জন্য বাংলাদেশ এয়ারলাইন্স পাইলটস অ্যাসোসিয়েশনের (বাপা) সদস্যভূক্ত ১১৭ জন পাইলট রয়েছেন। এছাড়া ৭ জন চুক্তিভিত্তিক পাইলট রয়েছেন বিমানের। জামাল উদ্দিন বলেন, "আমাদের পাইলট সংকট রয়েছে। আরো ৭০ থেকে ৮০ জন পাইলট হলে ভালো হয়।" "কারণ, আগামী বছর আমাদের নিজস্ব দুটি উড়োজাহাজ সরবরাহ করবে বোয়িং কোম্পানি। এর জন্য ২০ সেট বা ৪০ জন পাইলট লাগবে। এরপর ২০১৩ সালে আসবে আরো দুটি বিমান। তার জন্যও ২০ সেট লাগবে", বলেন তিনি। ২০০৮ সালে আড়াই বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে ১০টি উড়োজাহাজ কেনার ব্যাপারে বোয়িংয়ের সঙ্গে চুক্তি করে বিমান। এগুলো হলো-চারটি ৭৭৭-৩০০ ইআর, চারটি ৭৮৭-৮ এবং দুটি ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজ। আগামী বছরের মধ্যে বোয়িং দুটি ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ সরবরাহ করবে বলে এর আগে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। বিমান চেয়ারম্যান বলেন, "আমরা একসঙ্গে ১৫ জনের বেশি পাইলট নিতে চাই না। কারণ, বেশি পাইলটকে একসঙ্গে ট্রেনিং করানোয় সমস্যা হবে।" বর্তমানে বিমানের নিজস্ব ৮টি উড়োজাহাজ রয়েছে। এগুলো হলো ডিসি-১০ চারটি, এয়ারবাস-৩১০ দুটি এবং এফ-২৮ দুটি। এছাড়া ভাড়া করা উড়োজাহাজের মধ্যে রয়েছে একটি বোয়িং ৭৭৭-২০০ ইআর, একটি এয়ারবাস ৩১০ এবং দুটি বোয়িং- ৭৩৭। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৯টি আন্তর্জাতিক ও ৪টি অভ্যন্তরীন রুটে বছরে প্রায় ১৫ লাখ যাত্রী বহন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/কেএমএস/১৯৫৭ ঘ.