২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের ছুটিতে অন্যরূপে রাজধানী

ঈদে কয়েক লাখ লোক গ্রামের বাড়ি চলে যাওয়ায় অনেকখানি বদলে গেছে রাজধানী। রাস্তাগুলো তুলনামূলক ফাঁকা, অধিকাংশ দোকান বন্ধ, নেই যানজট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2010, 10:15 AM

Updated : 25 Aug 2022, 07:38 PM

শামীম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদে কয়েক লাখ লোক গ্রামের বাড়ি চলে যাওয়ায় অনেকখানি বদলে গেছে রাজধানী। রাস্তাগুলো তুলনামূলক ফাঁকা, অধিকাংশ দোকান বন্ধ, নেই যানজট। রাজধানীর মতিঝিল, ফার্মগেট ও অন্যান্য ব্যস্ততম এলাকায় নেই তেমন কোলাহল। বুধবার ঈদের দিনে সকাল থেকেই রাজধানীর এ চিত্র দেখা গেছে। ঈদ সামনে রেখে গত সোমবার থেকেই বিপুল সংখ্যায় লোক নাড়ির টানে ঢাকা ছাড়তে শুরু করে। যারা মঙ্গলবার ঢাকা ছাড়তে পারেনি তাদের মধ্যে অনেকেই ঈদের দিন সকালে ঢাকা ছাড়েন। ঈদের দিন সকালে রাজধানীর বাস টার্মিনালগুলোতে অনেক মানুষকে ঢাকা ছাড়তে দেখা যায়। ঈদের দিন বেলা বাড়ার সাথে সাথে রাজধানীর রূপ বদলাতে শুরু করে। কোরবানীর পর অনেকে নতুন জামা কাপড় পরে আত্মীয়-স্বজনদের বাসায় বেড়াতে যান। রাজধানীর মতিঝিল, কারওয়ান বাজার ও ফার্মগেট এলাকা ছিল অনেকটাই শান্ত। চিরচেনা যানজট ছিল না বললেই চলে। প্রচণ্ড যানজটে যে সব স্থান প্রায় সবসময় স্থবির থাকে যেসব স্থান ছিলো ফাঁকা ফাঁকা। ধানমণ্ডি, মিরপুর রোড, মিরপুর, মতিঝিল ও ফার্মগেটে কোন যানজট ছিল না। কিছু কিছু যানবাহন চলাচল করতে দেখা যায় এসব এলাকায়। বেশীরভাগ ভিআইপি সড়কে অবাধে রিকশা চলেছে। আজিমপুর মোড়ে রিকশাচালক রহিম মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভাড়ার সাথে বখশিশ পাওয়া যায়। তাই বাড়তি আয়ের আশায় ঈদের দিনে তিনি রিকশা চালাচ্ছেন। তবে রাতেই বরগুনায় গ্রামের বাড়ি উদ্দেশে রওয়ানা দেবেন। ধানমণ্ডি এলাকার বাসিন্দা সৈয়দ মোস্তাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রতি ঈদে কয়েকটি দিন রাজধানীতে শান্তিতে থাকা করা যায়। আর বছরজুড়ে চলে নানা নাগরিক ভোগান্তি।" ছুটি শেষে আগামী রোববার থেকে রাজধানীতে ফিরতে শুরু করবে লোকজন। আবার শুরু হবে সেই যানজট, সেই কোলাহল, সেই ব্যস্ততা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেএমএস/১৬০০ ঘ.