ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে এর ত্যাগের মহিমা থেকে সবাইকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
বুধবার গণভবনে বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, "ঈদুল আজহার ত্যাগের মহিমা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আগামীতে যেন আমরা আরো ত্যাগ স্বীকার করতে পারি।"
দেশবাসীসহ সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, "এই ঈদ আমাদের ত্যাগের মহিমা শেখায়।"
প্রধানমন্ত্রী বলেন, "ঈদুল ফিতরের মতো ঈদুল আজহাতেও আইন-শৃঙ্খলা পরিস্থিতি যেন ঠিক থাকে তা নিশ্চিত করাই ছিলো আমাদের লক্ষ্য।"
উৎসবমুখর পরিবেশে ঈদুল আজহা উদযাপিত হওয়ায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ দেশের সর্বস্তরের মানুষকে এ সময় তিনি অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী বেলা ১১টার একটু আগ থেকে একে একে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, মন্ত্রিসভার সদস্য, সর্বস্তরের নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীসহ সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এরপর দুপুর সাড়ে ১২টার আগ পর্যন্ত বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এছাড়া প্রধানমন্ত্রী যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য উন্নতমানের খাবার পাঠিয়েছেন।
প্রধামন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোহাম্মদপুরের গজনবী রোডে অবস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে দুপুর পৌনে ২টায় খাবার পৌঁছে দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এজে/এমএসবি/১৬০২ ঘ.
bdnews24