২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন নগরীতে ঈদ জামাত

চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, সিলেট ও খুলনা নগরীতে ঈদের জামাতের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2010, 06:11 PM

Updated : 25 Aug 2022, 07:37 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, সিলেট ও খুলনা নগরীতে ঈদের জামাতের প্রস্তুতি নেওয়া হয়েছে। বুধবার উদযাপিত হবে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মী উৎসব ঈদুল আজহা। এবার চট্টগ্রাম নগরীতে মোট ২৩৮ টি জামাত হবে। ইতোমধ্যে ঈদ জামাতের সব প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) ও জেলা প্রশাসন। বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকমের চট্টগ্রাম অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর: চট্টগ্রাম: নগরীর প্রথম ও প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে বুধবার সকাল ৮টায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে। একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। প্রধান ঈদ জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতিব মওলানা মুহাম্মদ জালালুদ্দিন আল কাদেরী। এ দুটি জামাতের পাশাপাশি সিসিসি'র উদ্যোগে নগরীর বিভিন্ন স্থানে ১৩৬টি জামাতের আয়োজন করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে আরো ১০০টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসক ফয়েজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঈদ জামাতের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নগরীর লালদীঘি জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বুধবার সকাল ৯টায়। এম এ আজিজ স্টেডিয়ামে সকাল ৯টায় এবং আন্দরকিল্লা শাহী জামে মসজিদে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে। রাজশাহী: নগরীতে প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহ্ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। এই জামাতে ইমামতি করবেন হযরত শাহ্ মখদুম (র.) দরগা মসজিদের পেশ ইমাম মাওলানা শাহাদত হোসেন। এছাড়া মহানগর ঈদগাহ (টিকাপাড়া) ময়দানে সকাল সাড়ে ৮টায়। একই সময় সাহেব বাজার জিরোপয়েন্টে আরেকটি জামাত হবে। ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় পরিচালক ডা. কে এম আবুল আজিজ এ তথ্য জানিয়েছেন। এছাড়া স্থানীয়দের উদ্যোগে নগরীতে আরো অন্তত ২৭ জামাত হবে। রাজশাহী সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র সরিফুল ইসলাম বাবু নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৯ নভেম্বর ঈদের তৃতীয়দিন সন্ধ্যা ৬টায় নগর সংস্থার উদ্যোগে সাহেব বাজার চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সিলেট: সিলেটে প্রধান জামাত হবে নগরীর শাহী ঈদগাহে। এখানে জামাত হবে সকাল সাড়ে ৮ টায়। এতে ইমামতি করবেন বন্দরবাজার জামে মসজিদের ইমাম মাওলানা হাফিজ আব্দুল করিম বীন মুশাহীদ। শাহী ঈদগাহে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত'র নামাজ আদায় করার কথা রয়েছে। এছাড়া সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরানও এখানে ঈদের নামাজ আদায় করবেন। এছাড়া সিলেটের উল্লেখযোগ্য ঈদের জামাতগুলোর মধ্যে হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদে সকাল ৯টায়, হযরত শাহপরান (র.) দরগাহ মসজিদে সকাল সাড়ে ৮টায়, বন্দরবাজার কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল ৮টায় ও ৯টায় দুটি জামাত হবে। সিলেট কালেক্টরেট জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, কাজির বাজার মাদ্রাসায় সকাল সাড়ে ৮টায় হবে ঈদ জামাত। এছাড়া নগরীর সকল ঈদগাহ ময়দান ও বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বরিশাল: নগরীর প্রধান ঈদ জামাত হবে হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। সিটি মেয়র শওকত হোসেন হিরন, সাবেক মেয়র মজিবর রহমান সরোয়ার এবং বিভাগীয় ও জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাসহ নগরীর গণ্যমান্য ব্যক্তিরা এখানে নামাজ আদায় করবেন। এছাড়া জেলার বড় ঈদ জামাত হবে সদর উপজেলার চরমোনাই দরগাহ শরীফ মাঠে সকাল ৯টায়। চরমোনাই পীর সৈয়দ মাওলানা মুফতী রেজাউল করিম এখানে ইমামতিত করবেন। পিরোজপুরের নেছারাবাদ ছারছিনা দরবার শরীফে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ছারছিনা পীরের বড় ছেলে মাওলানা শাহ আবু নসর নেছারউদ্দিন আহমদ হোসাইন জামাতে ইমামতিত করবেন। নগরীর সদর রোডের বায়তুল মোকাররম জামে মসজিদে সকাল সাড়ে ৮ টায় প্রথম ও সাড়ে ৯টায় দ্বিতীয়, গীর্জ্জা মহল্লা সড়কের জামে কসাই মসজিদে সকাল ৮টায় প্রথম ও সাড়ে ৯টায় দ্বিতীয়, চকবাজার জামে এবায়দুল্লাহ মসজিদে সকাল সাড়ে ৮টায় প্রথম ও ১০টায় দ্বিতীয় এবং পুলিশ লাইনস্ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় প্রথম ও সাড়ে ৮টায় দ্বিতীয় জামাত হবে। নগরীর ৩০টি ওয়ার্ডে আরো বেশ কয়েকটি জামাত হবে। খুলনা: নগরীর প্রধান জামাত হবে সকাল সাড়ে ৮টায় সার্কিট হ্উাজ ময়দানে। খুলনার তথ্য অধিদপ্তরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা জাভেদ ইকবাল এ থ্য জানান। আবহাওয়া খারাপ থাকলে একই সময়ে টাউন জামে মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। খুলনা টাউন জামে মসজিদে সকাল সাড়ে ৯টায় ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। বসুপাড়া ইসলামাবাদ ঈদগাহ, খালিশপুর ঈদগাহ, দৌলতপুর ঈদগাহ ও লায়ন্স ঈদগাহ ময়দানে সকাল সাড়ে আটটায় জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডে পৃথকভাবে জামাত অনুষ্ঠিত হবে। ঈদ উপলক্ষে বিভিন্ন হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রে বিশেষ খাবার পরিবেশন করা হবে। ঈদের পরদিন সন্ধ্যায় শহীদ হাদিস পার্কে চলচ্চিত্র ও হজ্জের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (গোয়েন্দা) মো. আলীমুজ্জামান জানান, ঈদের দিন আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বিভাগ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। ঈদের দিন আতশবাজি, পটকা ফোটানো কিংবা বেপরোয়াভাবে মটরসাইকেল চালানো যাবে না। সার্কিট হাউজে মুসল্লীদের গাড়ি রাখার জন্য খুলনা অফিসার্স ক্লাব ও জেলা স্টেডিয়ামের পাশের স্থান সংরক্ষিত থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/কেএমএস/এমএসবি/০০০২ ঘ.