২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে কিন ব্রিজ দিয়ে যান চলাচল শুরু

মেরামতের পর মঙ্গলবার সকাল থেকে ব্রিটিশ আমলে তৈরি সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজ দিয়ে যান চলাচল আবার শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2010, 01:31 PM

Updated : 25 Aug 2022, 07:37 PM

সিলেট, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেরামতের পর মঙ্গলবার সকাল থেকে ব্রিটিশ আমলে তৈরি সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজ দিয়ে যান চলাচল আবার শুরু হয়েছে। নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারী যান চলাচল করায় সোমবার সকালে ব্রিজের দক্ষিণ পাশের একাংশের পাটাতন দেবে যায়। এতে ১০ বর্গফুট জায়গা জুড়ে ফাটল দেখা দেয়। এ কারণে প্রশাসন সেতুটির ওপর দিয়ে যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করে। সিলেট সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ মোহাম্মদ মুসা জানান, নিষেধাজ্ঞা সত্বেও ভারী যান চলাচল করায় ব্রিজের ব্রেকিং প্লেট খুলে গিয়ে ১০ বর্গফুট জায়গা ক্ষতিগ্রস্ত হয়। সোমবার সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা হয়। মঙ্গলবার বেলা ৩টায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত কিন ব্রিজ পরিদর্শন করেন। সে সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী ও জেবুন্নেচ্ছা হক। অথমন্ত্রী সাংবাদিকদের বলেন, সেতুটি সংস্কারের নামে বিগত বিএনপি জোট সরকার লুটপাট করেছে। তিনি বলেন, সেতুটি সিলেটের ঐতিহ্য বহন করে। তাই সেতুটি সংস্কার করে শুধু রিকশা ও পায়ে হেঁটে চলাচলের উপযোগী করে তোলা হবে। ১৯৩৬ সালে ব্রিটিশ সরকারের গভর্নর লর্ড কিন সিলেটের সুরমা নদীর ওপর সেতুটি নির্মাণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০৭ ঘ.