চট্টগ্রাম, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীতে কোরবানি করা পশুর বর্জ্য অপসারণে দেড় হাজার পরিচ্ছন্নকর্মী নিয়োগ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি)।
এছাড়া বর্জ্য অপসারণের জন্য দেওয়ানহাট পোর্ট সিটি মার্কেটে খোলা হয়েছে একটি কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের টেলিফোন নাম্বার ২৫১৩৫০০, ০১৭১২-২৫২৬১৫, ০১৬৭০-৮৩৮৫০৬ এবং ০১৮২৩-৯৪৯৬০৩।
সিসিসি'র জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। তিনি বলেন, "বুধবার সকাল ১০টায় বর্জ্য অপসারণের কাজ শুরু হবে। সন্ধ্যা ৬টার মধ্যে সব বর্জ্য অপসারণ করা হবে।"
সিসিসি'র নিজস্ব একশ ট্রাক ও ভাড়া করা ৫০টি ট্রাক বর্জ্য পরিবহন করবে।
নগরীর ৪১টি ওয়ার্ডকে উত্তর ও দক্ষিণ দু'টি জোনে ভাগ করা হয়েছে জানিয়ে সাইফুদ্দিন বলেন, "দু'টি জোনের পরিচ্ছন্ন কাজের তদারকি করবেন দু'জন কাউন্সিলর।"
সিসিসি'র বর্জ্য ব্যবস্থাপনা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কাউন্সিলর এমএ মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল থেকেই পরিচ্ছন্নকর্মীরা কাজ শুরু করবেন। এছাড়া নগরীর কোনো স্থানে বর্জ্য দেখা গেলে তা কন্ট্রোল রুমে জানাতে নগরবাসীকে অনুরোধ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমইউএস/পিডি/১৭১৯ ঘ.
bdnews24