ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গরু কেনার পর ক্রেতারা ব্যস্ত হয়ে পড়েন গরুকে সাজানো নিয়ে। একটি মালা গরুর গলায় না ঝোলালেই যেন নয়।
মঙ্গলবার রাজধানীর পশুর হাটগুলোতে দুপুরের পর বিক্রি বেড়ে যায় কয়েকগুণ। আর তার সাথে বাড়তে থাকে গরুকে সাজানোর সরঞ্জাম বিক্রি।
গাবতলী হাটে গরুর মালা বিক্রেতা মন্টু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রতিটি মালা ২০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। জরির তৈরি ছোট ছোট মালা যা গরুর শিং ও পিঠে দেওয়া হয় তা বিক্রি হচ্ছে ১৫ থেকে ৩০ টাকায়।"
রাজধানীর বিভিন্ন হাটের প্রবেশপথ ও এর আশপাশে মালা বিক্রেতারা জানান, মঙ্গলবার সকাল থেকেই তাদের বিক্রি ভালো। একটি গরুর জন্য এক থেকে দেড়'শ টাকার মালা বিক্রি হচ্ছে।
হাজারীবাগ হাটে ক্রেতা আব্দুর রশিদ বলেন, "৬০ হাজার টাকা দিয়ে গরু কিনেছি, গরুটিকে না সাজিয়ে নিয়ে গেলে বাসার লোকজন মন খারাপ করবে। তাই ২০০ টাকা খরচ করে গরুটিকে সাজিয়ে নিয়ে যাচ্ছি।"
অবশ্য বড় আকারের গরুগুলোকে বিক্রেতারাই সাজিয়ে হাটে তুলেছেন। অনেক গরুর পিঠে তুলে দেওয়া হয়েছে লাল রংয়ের নঁকশা কাপড়। জরি দিয়ে জড়ানো হয়েছে পা। সোনালী রংয়ের কাপড় দিয়ে ঢাকা হয়েছে শিং।
গাবতলী হাটে গরু বেপারী আজমত আলী জানান, তার প্রতিটি গরুর দাম এক থেকে দেড় লাখ টাকার মধ্যে। তাই প্রতিটি গরুর সাজ সজ্জার পেছনে ৪০০ থেকে ৫০০ টাকা খরচ করা হয়েছে। শুধু মালা বা জরি দিয়ে সাজানো নয়, প্রতিটি গরুর শরীরে এক থেকে দেড় কেজি তেল মালিশ করা হয়েছে যাতে চকচকে দেখায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেএমএস/১৭১০ ঘ.
bdnews24