চাঁদপুর, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি আরবের সাথে মিল থেকে মঙ্গলবার চাঁদপুরে অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা।
এই গ্রামগুলোতে ঈদের আনন্দের জোয়ার বইছে।
মধ্যপ্রাচ্য তথা সৌদি আরবের সাথে মিল রেখে দীর্ঘদিন ধরেই চাঁদপুরের অর্ধশত গ্রামের মানুষ রোজা ও ঈদ পালন করে আসছে।
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফের গদিনশীন পীর মাওলানা আবু জোফার মো. আবদুল হাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরবে এবার ১৫ নভেম্বর পবিত্র হজ পালিত হয়। আর হজের একদিন পর ঈদুল আজহা। এর সঙ্গে সঙ্গতি রেখেই চাঁদপুরের অর্ধশত গ্রামে মঙ্গলবার ঈদ উযদাপিত হচ্ছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সাদ্রা মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। প্রায় ৩ হাজার মুসল্লি এই জামাতে শরিক হন। এতে ইমামতি করেন মাওলানা আবু জোফার মো. আবদুল হাই।
তিনি জানান, এবার ঈদুল আজহায় তার এলাকায় অন্তত ৩০টি গরু কোরবানি দেওয়া হয়েছে। চারদিকে এখন শুধু উৎসবের আমেজ। গরু কাটার কাজ চলছে। লোকজন বেশ খুশি।
চাঁদপুরে যে সব গ্রামে ঈদ উদযাপিত হচ্ছে তার মধ্যে রয়েছে হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলীপুর, বলাখাল, মনিহার, ভোলাচোঁ, জাক্নি, সোনাচোঁ, প্রতাপপুর, বাসারা; ফরিদগঞ্জ উপজেলার উভারামপুর, উট্তলী, মুন্সিরহাঁট, মূলপাড়া, বদরপর, আইটপাড়া, সুরঙ্গচর, বালুথুবা, কাইতাপাড়া, নূরপুর, সাচনমেঘ, ষোল্লা, হাঁসা, গোবিন্দপুর; মতলবের দশানী, মোহনপুর, পাঁচানী এবং শাহরাস্তি ও কচুয়া উপজেলার কয়েকটি গ্রাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১৩০৭ ঘ.
bdnews24