২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার মেয়র দুর্নীতির ২ মামলায় খালাস

দুর্নীতির দুটি মামলায় খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেককে বেকসুর খালাস দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2010, 02:43 PM

Updated : 25 Aug 2022, 07:37 PM

খুলনা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুর্নীতির দুটি মামলায় খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেককে বেকসুর খালাস দিয়েছে আদালত। মামলা দুটির অপর দুই আসামি মেয়রের ছোট ভাই তালুকদার আবদুল জলিল ও তার ব্যবসায়ী অংশীদার এস এম এ মান্নানকেও খালাস দেওয়া হয়েছে। সোমবার খুলনা বিভাগীয় বিশেষ জজ মো. আফতাব উদ্দিন এই রায় দেন। ২০০৩ সালের ১১ নভেম্বর বাগেরহাট দুর্নীতি দমন কর্মকর্তা নজরুল ইসলাম বাদি হয়ে জেলার সদর থানায় মামলা দুটি করেন। পরের বছর ৭ জুন আদালতে দুই মামলায় অভিযোগপত্র দেন জেলা দুর্নীতি দমন কর্মকর্তা মো. আবদুল করিম। মামলার নথি থেকে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের সময় (১৯৯৬-২০০১) ত্রাণ প্রতিমন্ত্রী ছিলেন খালেক। ওই সময় বাগেরহাটের রামপাল উপজেলায় ৩৯ লাখ টাকা ব্যয়ে সুন্দরবন মহিলা কলেজ নির্মাণের কাজ পায় তার ভাইয়ের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নাহার ট্রেডিং। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় এই কাজে দুর্নীতির অভিযোগ এনে খালেক ও তার ভাইসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি করা হয়। ১৯৯৮ সালের ৮ জানুয়ারি বাগেরহাটের রামপাল উপজেলায় ১০ লাখ টাকা ব্যয়ে শ্রীফলতলা উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ পায় মেসার্স নাহার ট্রেডিং। এই কাজেও দুর্নীতির অভিযোগ এনে বাগেরহাট সদর থানায় মামলা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৫ ঘ.