ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) যানবাহন কর ও ফি সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
হোটেল শেরাটনে রোববার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, "সরকারি কেনাকাটা এবং টেন্ডার প্রক্রিয়াসহ সব ক্ষেত্রেই ডিজিটাল পদ্ধতি চালু করা হবে। তাহলে কেউ পেশী শক্তি প্রদর্শন বা দুর্নীতির আশ্রয় নিতে পারবে না।"
বিআরটিএ কর্তৃপক্ষকে কর ও ফি গ্রহণের প্রক্রিয়া ডিজিটাল করার পাশাপাশি রেজিস্ট্রেশন, লাইসেন্স ইত্যাদি ক্ষেত্রেও অনলাইন ব্যবস্থা চালুর পরামর্শ দেন হাসিনা।
এ সময় প্রধানমন্ত্রী জানান, দেশে কম্পিউটার সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে। অচিরেই সরকারিভাবে কম্পিউটার বাজারজাত করা হবে। প্রতিটি কম্পিউটারের দাম পড়বে ১২ থেকে ১৫ হ্জাার টাকা।
রাজধানীকে যানজট মুক্ত করতে সরকারের নেওয়া স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কার্যক্রমের কথা উল্লেখ করে তিনি বলেন, "আগামী মাসে একশ ৬৮টি বাস চালু হবে। কোরিয়া ও ভারত থেকে আরো সাতশ ৫০টি একতলা ও দোতলা বাস শিগগিরই আনা হচ্ছে।"
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ সরকার ইতোমধ্যেই শুরু করেছে জানিয়ে শেখ হাসিনা বলেন, "চট্টগ্রামের ছয়টি ফ্লাইওভার নির্মাণসহ কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে সুড়ঙ্গ নির্মাণের পদক্ষেপ নেওয়া হবে।"
যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও রেলপথ বিভাগের সচিব মো. মোজাম্মেল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, বিআরটিএ'র চেয়ারম্যান আয়ুবুর রহমান ও কম্পিউটার নেট সিস্টেমের পরিচালক আরিফুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২১৫৭ ঘ.
bdnews24