ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিসিএস প্রশাসন ক্যাডারের সহকারি সচিব পর্যায়ের ১৭৪ কর্মকর্তাকে সিনিয়র সহকারি সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
রোববার সংস্থাপন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
এক সরকারি তথ্যবিবরণীতে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৭৪ জন কর্মকর্তাকে সিনিয়র স্কেলে (জাতীয় বেতন স্কেল টাকা-১৮,৫০০-২৯,৭০০) পদোন্নতি দেওয়া হয়েছে।
পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে যারা সিনিয়র স্কেলভুক্ত পদে কর্মরত আছেন, তাদেরকে নিজ নিজ পদে একই কর্মস্থলে বহাল থেকে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বরাবর যোগদানপত্র দাখিল করতে বলা হয়েছে।
আর যারা সিনিয়র স্কেলভুক্ত পদে নেই, তাদেরকে সংস্থাপন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-৪ অধিশাখায় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে যোগদানপত্র পাঠাতে বলা হয়। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা বর্তমান কর্মস্থলে নিজ পদে কর্মরত থাকবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/২০৪৪ ঘ.
bdnews24