২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে জঙ্গি সন্দেহে গ্রেপ্তাররা রিমান্ডে

গোপালগঞ্জে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার চারজনকে হেফাজতে রেখে তিনদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2010, 12:30 PM

Updated : 25 Aug 2022, 07:37 PM

গোপালগঞ্জ, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোপালগঞ্জে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার চারজনকে হেফাজতে রেখে তিনদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। রোববার জেলার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য তিনদিন হেফাজত চেয়ে আবেদন করে। হাকিম দিলীপ কুমার ভৌমিক আবেদন মঞ্জুর করেন। শুক্রবার রাতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল শহরতলীর ষোষেরচর ইসলামপাড়ার জাহাঙ্গীর আলমের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে। এরা হলেন- ভোলার চরফ্যাশন উপজেলার আদর্শ গ্রামের কে এম শফি উদ্দিন (২৬), বাগেরহাটের চিতলমারী উপজেলার শ্যামাপাড়া গ্রামের মো. নুরুল ইসলাম কাজী (২৭), ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কুশাভাঙ্গা গ্রামের মুনজির রহমান (২৩) ও পিরোজপুরের নাজিরপুর উপজেলার উত্তর ছাছিয়া গ্রামের মহিউদ্দিন শেখ (২১)। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপ-পরিদর্শক (এসআই) দলিল উদ্দিন সাংবাদিকদের বলেন, গ্রেপ্তারকৃতদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে জঙ্গি সংশ্লিষ্টতার কোনো তথ্য পাওয়া যায়নি। হেফাজতে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ এবং তাদের ব্যাপারে খোঁজ খবর নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩৩ ঘ.