আমিনূর রহমান রাসেল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিরোধী দল বিএনপির ডাকা হরতালের প্রভাব পড়েছে কোরবানীর পশুর হাটেও। রাজধানীর পশুর হাটগুলো গরু, ছাগল ও মহিষে ভরে উঠলেও রোববার বিক্রি তেমন হয়নি।
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের বাড়ি থেকে 'উৎখাতের' প্রতিবাদে দলটি রোববার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়।
রোববার হরতালের কারণে হাটে গরু, ছাগল ও মহিষ বিক্রি একেবারে হয়নি বললেই চলে বলে জানিয়েছেন ব্যাপারী ও ইজারাদাররা। তারা বলেছেন, হরতালে বেচাকেনা নেই। দুএকটা যা বিক্রি হয়েছে তা হাটের আশপাশের ক্রেতারাই কিনেছেন।
গাবতলীর স্থায়ী পশুর হাট ও কয়েকটি অস্থায়ী হাটে সরেজমিনে গিয়ে দেখা যায় ব্যাপারীরা অলস সময় কাটাচ্ছেন।
ব্যাপারীরা জানান, ঈদুল আযহাকে সামনে রেখে এবার রাজধানীর হাটগুলোতে পশু আগমনের সংখ্যা ছিলো গত বছরের তুলনায় কম। শনিবার থেকে সেই চিত্র পাল্টে যায়। গরু, ছাগল ও মহিষে ভরে উঠে হাটগুলো।
তারা জানান, তারা আশা করেছিলেন রোববার বেচাকেনা জমে উঠবে। কিন্তু হরতালের কারণে ক্রেতারা হাটে আসেননি।
গাবতলীর স্থায়ী হাটের পাশাপাশি এবার ঈদে ঢাকা নগরীতে বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে বসেছে ১২টি পশুর হাট।
রোববার গাবতলী হাটে গিয়ে দেখা যায় গরু, ছাগল, ভেড়া ও মহিষে ভরে গেছে হাট। শনিবার রাতে আনা অনেক গরু-মহিষ দুপুর পর্যন্ত ট্রাকের ওপরেই রয়েছে। বেচাকেনা নেই বিধায় ব্যাপারীরা ট্রাক থেকে গরু-মহিষ নামায় নি।
একজন ব্যাপারী গাবতলী হাটে উটও নিয়ে এসেছেন।
ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে ইজারাদারা প্রতিটি হাটেই একটি করে প্রধান ফটকসহ কয়েকটি ফটক তৈরি করেছে। বাঁশের ঘের দিয়ে এবং বালু ফেলে পশু রাখার জন্য নির্দিষ্ট স্থান তৈরি করা হয়েছে ।
পশুকে সাজানোর জন্য হাটে দড়ি, জরি ও ফুলের মালা বিক্রি করছেন ফেরিওয়ালারা। অনেকে পশুকে সাজিয়েও দিচ্ছেন। তবে সাজানোর জন্য পশু প্রতি তারা ৫০ থেকে ৫০০ টাকা করে নিচ্ছেন।
গাবতলী পশুর হাট পরিচালনা কমিটির সদস্য সানোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অ্যানথ্রাক্স আতঙ্ক কেটেছে। তবুও গত কয়েকদিন পশু আসার সংখ্যা ছিলো কম। তবে শনিবার প্রচুর গরু-মহিষ এসেছে হাটে।"
এই হাটে এবার প্রায় দেড় লাখ পশু এসেছে বলে মনে করেন তিনি।
মানিকগঞ্জের গরু ব্যবসায়ী রশিদ মোল্লা দুইদিন আগে বড় বড় দুটি গরু নিয়ে এসেছেন গাবতলীর হাটে। এই গরু দুইটিই সবচেয়ে বেশি দাম বিক্রি হবে বলে তিনি ধারণা করছেন। আশা করছেন, প্রতিটি গরু ১২ থেকে ১৫ লাখ টাকায় বিক্রি করবেন। কিন্তু হরতালের কারণে ক্রেতা না আসায় তিনি খানিকটা বিমর্ষ বলে জানালেন।
মানিকগঞ্জের মহিষ ব্যবসায়ী কুটু মিয়া জানান, তিনি একটি বড় মহিষ নিয়ে এসেছেন। এটি ৫ লাখ টাকায় বিক্রি করবেন বলে আশা করছেন।
ব্যাপারীদের সঙ্গে কথা বলে জানা যায়, গরু-মহিষ এবার কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, যশোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও সিরাজগঞ্জ জেলা থেকেই বেশি আসছে।
গাবতলী হাটে ৮২ হাজার টাকায় একটি গরু কিনতে দেখা গেলো শ্যামলীর বাসিন্দা মনসুর আহমেদকে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হরতালের কারণে সড়কে যানজট নেই। তাই গরু কিনতে এসেছি। নিয়ে যেতে সুবিধা হবে।"
রাজবাড়ী জেলার বাসিন্দা ব্যবসায়ী মো. মোমেন কুড়িগ্রাম থেকে উট নিয়ে এসেছেন বিক্রির জন্য। তিনি এনেছিলেন আটটি উট। ইতোমধ্যে সাতটি উট বিক্রি করেছেন বলে জানান তিনি। প্রতিটি উটের দর উঠেছে তিন থেকে সোয়া তিন লাখ টাকা।
মোমেন জানান, কুড়িগ্রামের ব্যবসায়ীরা ভারত থেকে এ উট নিয়ে আসেন। সোমবার আরো দুটি উট হাটে এসে পৌঁছাবে বলে জানান তিনি।
আগারগাঁও তালতলা বাসস্ট্যাণ্ড মাঠ হাটে বিক্রির জন্য সিরাজগঞ্জ থেকে গরু নিয়ে এসেছেন সোলায়মান মিয়া। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিন দিন আগে ১২টি গরু নিয়ে হাটে এসেছি। এর মধ্যে ৬০ থেকে ৬৫ হাজার টাকা করে তিনটি বিক্রি করেছি।"
সব গরু বিক্রি করতে পারবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, "আশা করি সব বিক্রি হবে। হরতালের দিনে বিক্রি না হলেও ঈদের আগে সবগুলো বিক্রি করতে পারবো।"
এই হাটে বিক্রির জন্য দিনাজপুর থেকে ছাগল নিয়ে এসেছেন মো. আফতাবউদ্দিন।
তিনি বলেন, ১৮টি ছাগল এনেছি। ৪টি ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে। বাকি ছাগল প্রতিটি ৬ থেকে ৯ হাজার টাকায় বিক্রি হবে বলে আশাকরি।
এই হাটের ইজারাদার এস এম জাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হরতালের কারণে সকালে তেমন বিক্রি হয়নি। তবে বিকালে বেচাকেনা জমবে বলে তারা মনে করছেন।"
আগারগাঁও রেডিও অফিস ও পঙ্গু হাসপাতাল সংলগ্ন মাঠ হাটেও বিপুল সংখ্যক গরু, ছাগল ও মহিষ এনেছেন ব্যাপারীরা। কিন্তু বিক্রি তেমন হচ্ছে না বলে জানিয়েছেন হাট পরিচালনা কমিটির সদস্য মো. ফরিদউদ্দিন।
হাটে কোনো অসুস্থ পশু আনা হচ্ছে কিনা তা তদারক করছেন ভেটেরিনারি সার্জনরা। পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রতিটি হাটে একটি করে ক্যাম্প তৈরি করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর।
গাবতলী হাটে কর্মরত ভেটেনারি সার্জন ডা. সুকেশ চন্দ্র বৈদ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হরতালের কারণে হাটে ক্রেতা কম আসতে দেখা গেছে। অল্প কিছু ক্রেতা গরু কেনার পর সেই গরু সুস্থ কিনা তা তাদের কাছ থেকে পরীক্ষা করিয়ে নিয়েছেন।"
রাজধানীতে খিলক্ষেত বনরূপা আবাসিক প্রকল্পের খালি জায়গা, পূর্বাচলের পরিত্যক্ত খালি জায়গা, ঝিগাতলা হাজারীবাগ মাঠ, তালতলা বাসস্ট্যান্ড সংলগ্ন খালি জায়গা, আগারগাঁও বস্তির খালি জায়গা, রহমতগঞ্জ খেলার মাঠ, উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘের মাঠ, উত্তরা আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, আরমানিটোলা খেলার মাঠ, ব্রাদার্স ইউনিয়ন সংলগ্ন বালুর মাঠ, মেরাদিয়া বাজার, বনানীর কাকলীতে রেললাইনের পাশে বসেছে অস্থায়ী পশুর হাট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/কেএমএস/১৭১০ ঘ.
bdnews24