মুন্সীগঞ্জ, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাড়ি ফেরা হলো না সিঙ্গাপুর প্রবাসী সাউথ মিয়ার (২২)। রোববার এক সড়ক দুর্ঘটনায় তাকে প্রাণ দিতে হলো।
ঢাকা-মাওয়া মহাসড়কের সিরাজদিখান উপজেলায় রোববার বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে সাউথ মিয়াসহ ৩ জন নিহত হয়। আহত হয় আরো দুইজন। ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার চরকুন্দলিয়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অপর দুইজন হলেন- প্রাইভেটকারের মালিক ইসমাইল মিয়া (৩০) ও চালক তারেক (২৫)। তাদের বাড়ি সিরাজদিখান উপজেলার গোপালপুর গ্রামে।
আহত হয়েছেন সাউথের ভাই কাউসার (২০) ও তার বন্ধু বলরাম (২১)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাইভেট কারের অপর যাত্রী সাউথের বাবা আব্দুল আলী মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিঙ্গাপুর থেকে ভোর রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান সাউথ। বিমানবন্দর থেকে তাকে নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছিলাম আমরা।"
সিরাজদিখান থানার ওসি মাহবুব আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চরকুন্দলিয়ায় ধলেশ্বরী ১ ও ২ নম্বর সেতুর মাঝখানের মহাসড়কে খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন পরিবহনের একটি বাসের সঙ্গে প্রাইভেট কারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।
বাসটি আটক করা হয়েছে। চালক পলাতক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩১৭ ঘ.
bdnews24