২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় স্মৃতিসৌধে তুর্কি প্রধানমন্ত্রী

বাংলাদেশ সফররত তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এর্দোয়ান রোববার সকালে জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2010, 06:15 AM

Updated : 25 Aug 2022, 07:37 PM

সাভার, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ সফররত তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এর্দোয়ান রোববার সকালে জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন করেছেন। এজন্য সকালে ঢাকা থেকে সড়ক পথে তিনি সাভারে যান। সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। এর্দোয়ন এরপর স্মৃতিসৌধে একটি গাছের চারা লাগান এবং সেখানে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় বাণিজ্যমন্ত্রী ফারুক খান এবং গণপূর্ত মন্ত্রী আব্দুল মান্নান খান তার সঙ্গে ছিলেন। সকাল ১০টার দিকে তারা ঢাকার পথে রওনা করেন। দুদিনের সফরে শনিবার সন্ধ্যা ৬টায় তুর্কি এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে ঢাকায় পৌঁছান এর্দোয়ান। তিনি ৮২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। স্ত্রী এমিনি এর্দোগানও তার সঙ্গে রয়েছেন। রোববার অপরাহ্নে তারা দেশের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রিসভার সদস্য এবং তিন বাহিনীর প্রধান বিমানবন্দরে তাদের অভিনন্দন জানান। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, তুরস্কের প্রধানমন্ত্রী রোববার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১২১১ ঘ.