ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন অনেকেই।
শুক্রবার সকাল থেকে দূরপাল্লার যাত্রীরা ঢাকা ছাড়তে শুরু করেন।
শুক্র ও শনিবার ছুটি হওয়ায় অনেকেই তাদের পরিবারের সদস্যদের আগেই পাঠিয়ে দিচ্ছেন গ্রামের বাড়িতে। আবার কেউ কেউ ঈদের ছুটির আগের দুই কর্মদিবস রোববার ও সোমবার ছুটি নিয়েছেন।
সরেজমিন রাজধানীর গাবতলী, সায়েদাবাদ, মহাখালী বাস টার্মিনাল, সদরঘাট ও কমলাপুর রেল স্টেশনে গিয়ে দেখা গেছে ঘরমুখী মানুষের উপচেপড়া ভিড়।
যারা আগেই টিকেট নিয়েছিলেন তারা সকাল থেকে যাত্রা শুরু করেন। আবার অনেক যাত্রীকে কাউন্টার থেকে কাউন্টারে অগ্রিম টিকেটের জন্য ঘুরতে দেখা যায়।
কল্যাণপুরের গ্রীণ লাইন পরিবহনের সেলস অফিসার মো. নাইম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঝামেলা এড়াতে অনেকেই শুক্রবার রওনা দিয়েছেন। তবে চাপ বাড়বে আগামী সোমবার থেকে।
কলাবাগান বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার সন্ধ্যায় অপেক্ষমান বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা রাফিজ ইমতিয়াজ জানান, শুক্রবার রাজশাহীর উদ্দেশে স্ত্রী ও শিশুদের পাঠিয়ে দিচ্ছেন। আগামী সোমবার রাতে তিনি রওনা দিবেন।
কমলাপুর রেল স্টেশন
বিশেষ ট্রেনের টিকিট শুক্রবার বিক্রির শেষ দিনে স্টেশনে ছিল প্রচণ্ড ভিড়।
ঈদে চলাচলের সুবিধায় ১৬টি বিশেষ ট্রেন চলাচল করবে। ঈদের আগে ও পরে মোট ছয়দিন বিশেষ বাস-ট্রেন চলাচল করবে।
বিশেষ ট্রেনগুলো দৈনিক প্রায় সাড়ে ৯ হাজার যাত্রী পরিবহন করবে। প্রতিটি ট্রেনেই চার থেকে পাঁচটি অতিরিক্ত বগি সংযোজন করা হবে।
সদরঘাট
সময় দুুপুুর ২টা। সদরঘাট পল্টুনে যাত্রী আর যাত্রী।
ময়ুর-২ লঞ্চের মাষ্টার মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "খুব দুশ্চিন্তায় ছিলাম। এখন মনে হয় যাত্রী ভরেই লঞ্চ ছাড়তে পারব।"
গৃহবধূ ফাতেমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বামী ব্যবসা করেন তাই ভিড় এড়াতে সময় হাতে রেখেই চাঁদপুর রওনা দিচ্ছেন তিনি।
কেবিন পেয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, কেবিন না পেলেও প্রথম শ্রেণীর টিকেট পেয়েছেন।
হুলার হাট যাবেন শ্রমিক সবুজ। আঁচল-২ লঞ্চের সামনে পল্টুনে দাঁড়িয়ে ছিলেন তিনি।
"বাদামতলীতে শ্রমিক হিসেবে কাজ করি । এখন আর কাজ-কর্ম নাই, তাই চলে যাচ্ছি বউ-বাচ্চাদের কাছে।"
ভাড়া বেশি কিনা জানতে চাইলে তিনি জানালেন, আগে ১২০ টাকা দিয়ে পিরোজপুর যেতে পারতেন। আর এখন দিতে হচ্ছে ২৫০টাকা।
তবে ওই লঞ্চের ম্যানেজার আশিক জানান, সরকার নির্ধারিত ভাড়া আরো বেশি। একটি ডাবল কেবিনের ভাড়া এখন ১৪শ' টাকা। আর সরকার র্নিধারিত ভাড়া আরো বেশি। কিন্তু অন্যান্য সময় ভাড়া নেওয়া হতো এক হাজার টাকা।
সদরঘাট নৌ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, যাত্রী সাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে ১২ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত বিশেষ মনিটরিং কক্ষ খোলা হয়েছে। ম্যাজিস্ট্রেটের তদারকি রোববার থেকে শুরু হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেটি/এইচএ/০১১৮ ঘ.
bdnews24