রাজশাহী, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী চিনিকলে ২০১০-১১ মৌসুমের আখ মাড়াই শুরু হয়েছে।
শুক্রবার বিকালে আখ মাড়াইয়ের উদ্বোধন করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মেরাজ উদ্দিন মোল্লা।
মিলের ব্যবস্থাপনা পরিচালক আল আমীনের সভাপতিত্বে এ উপলক্ষে বিকালে মিল চত্বরে আয়াজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেরাজ উদ্দিন মোল্লা বলেন, সরকার আখ চাষি এবং আখ শ্রমিকদের ব্যাপারে আন্তরিক। তিনি কৃষকদের বেশি করে আখ চাষের আহ্বান জানান।
অনুষ্ঠানে চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান রনজিত কুমার বিশ্বাস বলেন, কৃষকদের দাবি মোতাবেক আখের দাম বাড়ানো এবং সারের দাম কমানোর ব্যাপারে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
এ জন্য মন প্রতি আখের দাম ১৭ টাকা থেকে বাড়িয়ে এবার ৮৩ টাকা করা হয়েছে। আগামীতে আরো বাড়ানো হবে বলে তিনি কৃষকদের আশ্বস্ত করেন।
মিলের ব্যবস্থাপনা পরিচালক আল আমীন বলেন, এ বছর ছয় হাজার ৫২৫ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, এ বছর মন প্রতি আখের দাম মিল গেটে ৮৮ টাকা এবং আখ ক্রয় কেন্দ্রে ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম, রাজশাহী আখচাষি কল্যাণ সমিতির সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক ইয়াসিন আলী প্রমুখ।
আখচাষীরা বলেন, মৌসুম শুরু আগেই আখের দাম বাড়ানো উচিত। এতে চাষিরা আখচাষে উৎসাহ পাবে। অনুষ্ঠানে চিনিকলের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় আখ চাষিরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৫৩ ঘ.
bdnews24