চট্টগ্রাম, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পাঁচ নারীসহ মোট ১৪ জন বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে।
শুক্রবার সকাল ১১টা থেকে বন্দি মুক্তির কার্যক্রম শুরু হয়।
চট্টগ্রামের কারারক্ষক (জেলার) রফিকুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাষ্ট্রপতির অনুমোদনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১৪ জন বন্দির মুক্তির আদেশ দিয়েছে।
এ আদেশ শুক্রবার সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পৌঁছলে বন্দিদের মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয় বলে জানান তিনি।
কারাগারের ওপর চাপ কমাতে সরকার লঘু সাজায় আটক অনেক বন্দিকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে। এছাড়া ঈদ ঘিরে বন্দি মুক্তির প্রক্রিয়া প্রচলিত রয়েছে।
রফিকুল জানান, চট্টগ্রামে মুক্তিপ্রাপ্তরা বিভিন্ন লঘু অপরাধে ছয় মাস থেকে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি।
মুক্তিপ্রাপ্ত পুরুষ বন্দিরা হলেন- দুলাল চন্দ্র দাস (৬২), মোহাম্মদ আলী হোসেন (৫৮), মোহাম্মদ হোসেন (৪৬), রসুল আকতার (৪৬), মোহাম্মদ রফিক (৪৫) মোহাম্মদ মনা ওরফে বৃটিশ (৩৬), মোহাম্মদ জসিম (৩৩), সৈয়দ মো. আফসার উদ্দিন (৩০) ও মোজাম্মেল (২৬)।
মুক্তিপ্রাপ্ত নারীরা হলেন- বাসন্তী নাথ (৫৬), আমেনা বেগম (৫৫), কুলসুমা বেগম (৪৫), দেলোয়ারা বেগম (৩৬) ও মোছাম্মৎ ফরিদা আক্তার (২০)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমআই/১৪৩০ ঘ.
bdnews24