২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চারদিন পর অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ৩

অপহরণের চারদিন পর সাভারের এক শিশুকে কিশোরগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2010, 03:52 PM

Updated : 25 Aug 2022, 07:35 PM

সাভার, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অপহরণের চারদিন পর সাভারের এক শিশুকে কিশোরগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে। র‌্যাব জানিয়েছে, প্রায় ৬০ ঘণ্টা অভিযানের পর বৃহস্পতিবার ভোরে কিশোরগঞ্জের পাকুন্দি উপজেলার দত্তপাড়া এলাকার একটি পুকুরপাড়ের টং ঘর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। জব্দ করা হয় অপহরণের সময় ব্যবহৃত প্রাইভেটকারটি। গ্রেপ্তারকৃতরা হলেন- মাদারীপুরের পশ্চিম কুরিয়ামরা এলাকার রতন মিয়া (২৫), একই এলাকার আমিরাবাদ এলাকার সোহেল রানা (৩০) ও মো. হাসান (২৫)। তবে হাসানকে পরে ছেড়ে দেওয়া হয়েছে বলে র‌্যাব কর্মকর্তারা জানান। সোমবার সকালে সাভারের আশুলিয়া থানাধীন বগাবাড়ী এলাকার ইব্রাহিম খলিলকে (৭) অপহরণ করে দুর্বৃত্তরা। আব্দুল লতিফ সরকার ছেলে ইব্রাহিমকে নিয়ে বাড়ির পাশেই আমেরিকান প্লাজার সামনে স্কুলের গাড়ির জন্যে অপেক্ষা করছিলেন। হঠাৎ করে একটি চলন্তসাদা প্রাইভেটকারের যাত্রীরা বাবার হাত থেকে ইব্রাহিমকে ছিনিয়ে নিয়ে ঢাকার উদ্দেশ্যে চলে যায়। ইব্রাহিম সাভার সেনানিবাস পরিচালিত ইংলিশ মিডিয়াম 'মর্নিং গ্লোরি স্কুল'র স্ট্যান্ডার্ড ওয়ানের ছাত্র। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহরাব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইব্রাহিমকে অপহরণের পর অপহরণকারীরা শিশুটির মার কাছে ফোনে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সে ফোন কলের সূত্র ধরে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে হাসান ও রতন মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে রতনের দেওয়া তথ্যানুযায়ী রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকার একটি গ্যারেজ থেকে অপহরণে ব্যবহৃত গাড়িটি উদ্ধার করা হয়। আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম জানান, অপহরণকারী দলের সদস্য পলাতক মনিরের শ্বশুরবাড়ি কিশোরগঞ্জের পাকুন্দি উপজেলায় দত্তবাজার এলাকায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে র‌্যাব-৪ সাভার ক্যাম্পে উদ্ধার করা ইব্রাহিমকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। সাভার র‌্যাব ক্যাম্পের কমান্ডার মেজর শেখ তারেক আজিজ আহমেদ সাংবাদিকদের জানান, ইব্রাহিমকে উদ্ধারের জন্যে ঘটনার দিন থেকে র‌্যাব-৪, র‌্যাব সদর দপ্তর ও র‌্যাব-১-এর একটি দল অভিযানে নামে। তারা শিশুটিকে অক্ষত উদ্ধারের চেষ্টা করেন। র‌্যাব কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার ভোররাত আনুমানিক ৩টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় অভিযান শুরু করে র‌্যাব। এক পর্যায়ে তারা দত্তবাজারে অভিযান চালান। এরই মধ্যে অপহরণকারীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে যায়। পরে তারা ওই বাজারের পাশের একটি পুকুরপাড়ের টং ঘর থেকে শিশুটিকে উদ্ধার করেন। তিনি আরো বলেন, টং ঘরটির নিচে একটি সুড়ঙ্গ রয়েছে। সেখানে থাকার ব্যবস্থাও রয়েছে। অপহরণকারীরা শিশু অপহরণ করে এই সুড়ঙ্গে এনে আটকে রাখে। একই চক্রে ১০-১২ জন সদস্য রয়েছে বলে ধারণা করছেন তিনি। মেজর শেখ তারেক জানান, অপহরণকারী চক্রের সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ইব্রাহিম সাংবাদিকদের জানায়, তাকে ছিনিয়ে নেওয়ার সময় পায়ে আঘাত লেগেছে। পা দিয়ে রক্ত ঝরছিলো। পরে একজন তার পায়ে কাপড় বেঁধে দেয়। ইব্রাহিম জানায়, মাঝে মধ্যে মা-বাবার জন্য কান্নাকাটি করতো সে। তখন অপহরণকারীরা বলতো কান্না করলে তার বাবা ও ভাইয়ার ক্ষতি হবে। ইব্রাহিমকে পেয়ে খুশিতে আত্মহারা মা শিরিন আক্তার জানান, অপহরণকারীরা ১৩/১৪ বার ফোন করে টাকা দাবি করেছে। পরে তাদের সঙ্গে ১০ লাখ টাকায় রফা হয়েছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৪ ঘ.