শরীয়তপুর, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুর সদর উপজেলার মনহর বাজার মোড়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।
ব্যাটারিচালিত অটো রিকশা সমিতির নামে চাঁদা আদায়কে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে এ সংঘাত বাধে বলে পুলিশ জানিয়েছে।
আহতদের মধ্যে মোস্তফা (৪০), জসিম (২৫), পলাশ (২০), রকমান (২২), মোশারফকে (৩০) শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
অটো রিকশা চালক আবু তাহের ও ইকবাল খান সাংবাদিকদের জানান, সকাল ১১টার দিকে স্থানীয় সহিদুল, রনি, সুজন বাজারে এসে বাইক প্রতি ২০ টাকা করে চাঁদা চায়। এ সময় বাইক চালকরা সমিতির সদস্য ছাড়া কাউকে চাঁদা দিতে না চাইলে তারা অটোবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি জসিমকে মারধর করে।
সমিতির সদস্য মোস্তফা এর মীমাংসা করতে গেলে তাকে চাপাতি দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করা হয় বলে চালকরা জানান।
এ নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে পালং থানার ওসি মো. রবিউল আলম বলেন, "সমিতির দ্বন্দ্বের জের ধরে দুই গ্র"প সংঘর্ষে লিপ্ত হয়। এটা তাদের অভ্যন্তরীণ কোন্দল।"
এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমআই/২১০৫ ঘ.
bdnews24