২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হাটে গরু প্রচুর, বিক্রি এখনো কম

চট্টগ্রাম নগরীতে কোরবানির পশুর হাটগুলোতে এবার প্রচুর গরু উঠেছে। ক্রেতাদের ভিড়ও দেখা যাচ্ছে, তবে বিক্রি এখনো কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2010, 02:20 PM

Updated : 25 Aug 2022, 07:35 PM

মিন্টু চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক চট্টগ্রাম, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীতে কোরবানির পশুর হাটগুলোতে এবার প্রচুর গরু উঠেছে। ক্রেতাদের ভিড়ও দেখা যাচ্ছে, তবে বিক্রি এখনো কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। দুটি স্থায়ীসহ মহানগরীর সাতটি হাটে এবার পশু বিক্রি হচ্ছে। ঈদের সাতদিন আগে বৃহস্পতিবার হাটগুলো ঘুরে ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, গরুসহ অন্য পশুর দাম এবার সহনীয় পর্যায়ে। বিক্রেতারা বলছেন, মানুষ এখনো পশু দেখা আর পছন্দের কাজটি করছেন। কিনবেন পরে। শুক্রবার থেকে বেচা-কেনা জমে উঠবে বলে আশাবাদী বিক্রেতা ও বাজার ইজারাদাররা। নগরীর বৃহত্তম গরুর হাট মুরাদপুরের বিবির হাট, অলংকার সাগরিকা গরুর বাজার, শাহ আমানত সেতু সংলগ্ন কল্পলোক অস্থায়ী গরুর বাজার ঘুরে দেখা যায়, দুই মাস আগে অ্যানথ্রাক্স আতঙ্ক এখন মানুষের মধ্যে নেই। বিবির হাটের ইজারাদার সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এবার বিপুল পরিমাণ গরু এসেছে। দামও তুলনামূলক কম।" গরু রাখার জায়গা না থাকায় শহরের মানুষ পরে গরু কেনে বলে বিক্রি এখনো জমেনি বলে মনে করেন তিনি। শনি ও ঈদের একদিন আগে মঙ্গলবার সবচেয়ে বেশি গরু বিক্রির আশা করছেন সাইফুল। অ্যানথ্রাক্স আতঙ্ক এখন নেই বলে জানালেন সাগরিকা গরু বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এম শওকত আলী। "বাজারে মানুষ অনেক, কিন্তু গরু বিক্রি কম", বলেন তিনি। বাজারে আসা ক্রেতারা জানান, গতবারের চেয়ে এবারে দাম কিছুটা কম। তবে বাজার ঘুরে দাম যাচাই-বাছাই করে কোরবানির দুই-একদিন আগেই গরু কেনার পরিকল্পনা অধিকাংশের। সাগরিকা হাটে গরু দেখতে আসা নগরীর মোমিন রোড এলাকার বাসিন্দা ব্যাংকার কাজী মমতাজুল ইসলাম বললেন, "বাজার পরিস্থিতি দেখে গরু কিনবো। আর ভাড়া বাসায় থাকি, রাখার জায়গা নেই। তাই ঈদের দু-এক দিন আগেই কিনবো।" কয়েকদিন পর দাম আরো কমবে- এ আশায় এখন গরু কিনছেন না বলে জানালেন বেসরকারি চাকরিজীবী মো. মহিউদ্দিন। এদিকে মহানগরীর গরুর বাজারে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিদ্র এবং চাঁদাবাজি বন্ধে পুলিশ প্রশাসন একটি পৃথক মনিটরিং টিম গঠন করেছে। এছাড়া বিবির হাট ও সাগরিকায় দুটি স্থায়ী বাজারে পুলিশের পক্ষ থেকে অস্থায়ী ক্যাম্পও বসানো হয়েছে। এবারে সরাসরি চাঁদাবাজি না হলেও সাগরিকা বাজারের বাইরে কিছু যুবক চাঁদা তুলছে বলে অভিযোগ করলেন গরু ব্যবসায়ী শওকত আলী। এ সব চাঁদাবাজি বন্ধ এবং বাজার এলাকা সংলগ্ন সড়কে সৃষ্ট যানজট নিরসনে উদ্যোগ নিতে পুলিশ প্রশাসনের সহায়তা চেয়েছেন তিনি। এ বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (গোয়েন্দা) হাছান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কেউ এখনো আমাদের কাছে সরাসরি অভিযোগ করেনি। চাঁদাবাজি নিয়ে কোনো অভিযোগ পাওয়া গেলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবো।" এবার বন্দর নগরীতে সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন সাতটি পশুর হাট বসেছে। সেগুলো হল- সাগরিকা বাজার, বিবিরহাট, সল্টগোলা, স্টিল মিল, পতেঙ্গা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় মাঠ, সিডিএ'র কল্পলোক আবাসিক এলাকা মাঠ ও কমল মহাজন হাট। এর মধ্যে সাগরিকা ও বিবির হাট ছাড়া বাকী পাচঁটি অস্থায়ী বাজার। স্থায়ী হাট হিসাবে সপ্তাহে দু'দিন বসার কথা থাকলেও ঈদ উপলক্ষে শনিবার থেকে প্রতিদিনই বিক্রি চলবে বিবির হাট ও সাগরিকায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২০১৮ ঘ