ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেওয়া হয়েছে। সেনা কর্মকর্তা কর্নেল আনিছুর রহমান এ পদে নিয়োগ পেলেন।
সেইসঙ্গে ফায়ার সার্ভিসের বর্তমান মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মো. শহিদউল্লাকে সেনাবাহিনীতে ফেরত পাঠানো হয়। তিনি ওই পদে প্রেষণে নিয়োজিত ছিলেন।
বৃহস্পতিবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে এ নিয়োগ ও প্রত্যাহার করা হয়।
এ ছাড়া নৌ-বাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন এম শাহজাহানকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সদস্য (হারবার ও মেরিন) পদে প্রেষণে নিয়োগ এবং চবকের সদস্য (হারবার ও মেরিন) পদে প্রেষণে কর্মরত নৌবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন এস আরিফ মাহামুদকে নৌবাহিনীতে ফেরত পাঠানো হয়েছে।
জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সদস্য (পরিকল্পনা, নকশা ও বিশেষ প্রকল্প) পদে চুক্তিতে নিয়োজিত রেজাউল করিমের চুক্তির মেয়াদ এক বছরের জন্য বাড়ানো হয়েছে। তার এ নিয়োগও কাজে যোগ দেওয়ার দিন থেকে কার্যকর হবে।
ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সৈয়দ এমদাদ হোসেন। কাজে যোগ দেওয়ার দিন থেকে তার এ নিয়োগ কার্যকর হবে।
তথ্য অধিদপ্তরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সৈয়দ এ মোমেনকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা পদে নিয়োগ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৯৫৩ ঘ.
bdnews24