চট্টগ্রাম, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্ণফুলী নদীতে দুই হাজার ছয়শ মেট্রিক টন মটর ডাল নিয়ে ডুবে যাওয়া জাহাজের উদ্ধার কাজ বৃহস্পতিবার সকালে শুরু হয়েছে।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে কর্ণফুলী নদীর বাংলাবাজার জুট র্যালী ঘাট সংলগ্ন অংশে হ্যাং গ্যাং টু নামের ডালবাহী লাইটারেজ কোস্টাল জাহাজটি ডুবে যায়।
বুধবার রাত ১১টার দিকেই জাহাজটির অবস্থান চিহ্নিত করে বন্দরের উদ্ধারকর্মী দল। তারপর লাইটারেজ জাহাজটির মালিক এন জেড কর্পোরেশন সেটির উদ্ধার তৎপরতা শুরু করে।
চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জাহাজটি আংশিক ভেসে থাকায় সেটির অবস্থান চিহ্নিত করা সহজ হয়েছে। জাহাজটির মালিককে সেটি উদ্ধার করার জন্য বলা হয়েছে এবং তারা কাজ শুরু করেছে।"
জোয়ারের সময় সাগরের পানি বাড়লে উদ্ধার কাজ ব্যাহত হবে বলে কখন উদ্ধার কাজ শেষ হবে সে বিষয়ে এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না বলে তিনি জানান।
এন জেড কর্পোরেশন এর ব্যবস্থাপক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা জাহাজটি উদ্ধারের সকল উদ্যোগ নিয়েছি। এজন্য উদ্ধারকারী যান বাফার ও টাগবোট আনা হচ্ছে।"
বৃহস্পতিবার রাতের মধ্যে টেনে জাহাজটি নিরাপদ স্থানে আনা সম্ভব হবে বলে আশা করছেন তিনি।
ডুবে যাওয়া লাইটারেজ জাহাজটি বুধবার সকালে চট্টগ্রাম বন্দরের বহিনোঙ্গরে থাকা একটি মাদার ভেসেল থেকে ডাল খালাস করে। এরপর জ্বালানি নিতে বাংলাবাজারের জুট র্যালী ঘাটে আসে।
এই ঘাট থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যে নদীতে থাকা একটি বার্জের সঙ্গে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায়।
জাহাজটি চট্টগ্রাম বন্দরের চ্যানেলে বা কোনো জেটি সংলগ্ন এলাকায় না ডোবায় বন্দরে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে না।
চট্টগ্রাম বন্দরের কন্ট্রোল রুম সূত্র জানা যায়, লাইটারেজ জাহাজটির মালিক এন জেড কর্পোরেশন। ডুবে যাওয়ার সময় জাহাজটিতে মেঘনা গ্র"পের জন্য আনা দুই হাজার ছয়শ মেট্রিক টন মটর ডাল ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএইচ/এজে/১৩০৩ ঘ.
bdnews24