মাদারীপুর/মুন্সীগঞ্জ, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাউনিয়া চ্যানেলে ফেরি শাহ মখদুম আটকে পড়ায় বুধবার সন্ধ্যায় কাওড়াকান্দি-মাওয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল করপোরেশনের (বিআইডব্লিউটসি) কাওড়াকান্দি ঘাটের ব্যবস্থাপক এমএ বাতেন বলেন, সন্ধ্যা সাড়ে ৬টায় মাওয়া ঘাট থেকে রো রো ফেরি শাহ মখদুম ১৫টি যানবাহন নিয়ে কাউনিয়া চ্যানেল আটকে যায়।
চ্যানেলটি সরু হওয়ায় বিপরীত দিক থেকে আসা কোনো ফেরি আটকে পড়া ফেরিটিকে পাশ কাটিয়ে পার হতে পারেনি।
তাই সব ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, রাণীক্ষেত ও যমুনা নামের দু'টি ফেরি পদ্মা নদীর মাঝে ৩০টি যানবাহন নিয়ে নোঙর করে রাখা হয়েছে।
আইটি জাহাজ ৩৯১ দিয়ে উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে।
জোয়ারের সময় পানি বাড়লে উদ্ধার করার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়ে আসবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১১ ঘ.
bdnews24