ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার সময় দেশের পর্যটন শিল্পের সম্প্রসারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ।
রাজধানীর শেরাটন হোটেলে বুধবার দুপুরে আইসিসির সঙ্গে পর্যটন মন্ত্রণালয় এ চুক্তি করে।
চুক্তি সই অনুষ্ঠানে জানানো হয়, বিশ্বকাপের সময় টেলিভিশন চ্যানেল স্টার স্পোর্টস ও ইএসপিএন-এ বাংলাদেশের পর্যটন শিল্প নিয়ে তৈরি প্রামাণ্য চিত্র দেখানো হবে।
এছাড়া বিশ্বকাপের সময় নতুন গঠন করা বাংলাদেশ পর্যটন বোর্ড বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে। এর মধ্যে রয়েছে ট্রফি ট্যুর, কক্সবাজারে আদিবাসী উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বিদেশি সাংবাদিকদের কাছে দেশের ঐতিহ্য, শিল্প ও সংস্কৃতি তুলে ধরা, সুন্দরবন ভ্রমণ, দর্শকদের তথ্য সরবরাহের জন্য তথ্য কেন্দ্র স্থাপন ও প্রচার সামগ্রী বিতরণ।
অনুষ্ঠানে পর্যটন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এবং পর্যটন বোর্ডের চেয়ারম্যান সফিক আলম মেহেদী বলেন, "বিশ্বকাপের সময় বাংলাদেশের পর্যটন শিল্পের সম্প্রসারণে আমরা নানা কার্যক্রম হাতে নিয়েছি। এর ফলে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে।"
তিনি জানান, এতে খরচ হবে প্রায় পাঁচ কোটি টাকা।
আগামী ফেব্র"য়ারিতে শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট। বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে এবারের বিশ্বকাপ আয়োজন করছে। উদ্বোধনী অনুষ্ঠানসহ মোট আটটি খেলা হবে বাংলাদেশে।
চুক্তি সই অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আ হ ম মোস্তফা কামাল বলেন, "আমরা ক্রিকেট বোর্ডের অর্থ দিয়ে কক্সবাজারে স্টেডিয়াম তৈরির পরিকল্পনা করেছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এজে/এটি/টিআর/১৬৫৮ ঘ.
bdnews24