ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি নভেম্বর মাস থেকে শ্রমিকদের নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের কথা থাকলেও নতুন কাঠামো মেনে এ ঈদের বোনাস দেওয়া হবে না বলে জানালেন পোশাক শিল্প মালিকরা।
তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের বলেন, নভেম্বর থেকে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো চালুর কথা রয়েছে। সে অনুযায়ী ডিসেম্বর মাসেই নতুন কাঠামো অনুসরণ করে আগের মাসের (নভেম্বর) বেতন ও অন্যান্য পাওনাদি পাবেন শ্রমিকরা।
"তবে বিদ্যমান পুরনো বেতন কাঠামোতেই যাবতীয় পাওনা পাবে আসন্ন ঈদে", বলেন তিনি।
পোশাক শ্রমিকরা নতুন কাঠামোয় আসন্ন ঈদুল আজহার বোনাস দাবি করে আসছে। এ নিয়ে গাজীপুরের কয়েকটি কারখানায় গত এক সপ্তাহে বিক্ষোভ-ভাংচুর হয়।
আসন্ন ঈদকে সামনে রেখে পোশাক শিল্পে যাতে অসন্তোষের কোনো সমস্যা সৃষ্টি না হয়- সে বিষয়ে আলোচনা করতে বিজিএমইএ নেতাদের সঙ্গে বৈঠকে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ঈদের সময় কোনো ধরনের অসন্তোষ না করার আহ্বান জানিয়ে পোশাক শ্রমিকদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, "আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না। বরং সমস্যা হলে পোশাক মালিক ও শ্রমিকদের মধ্যে আলোচনার ভিত্তিতে সমাধান করবেন।"
কেন আসন্ন ঈদে নতুন বেতন কাঠামোয় শ্রমিকরা উৎসব ভাতা পাবেন না- জানতে চাইলে বিজিএমইএ সভাপতি বলেন, "পোশাক শ্রমিকরা অক্টোবর মাসের বেতন পাচ্ছে ঈদের আগে নভেম্বর মাসে। বেতনের সঙ্গে ঈদ বোনাসও পান পুরনো মজুরি কাঠামোতে। আর নতুন কাঠামো কার্যকর হচ্ছে ১ নভেম্বর থেকে। সে অনুযায়ী, শ্রমিকরা বর্ধিত বেতনসহ এর সুবিধা পাবে ডিসেম্বর থেকে।"
তবে ঈদের আগেই শ্রমিকদের সব পাওনা বুঝিয়ে দিতে শিল্প মালিকদের প্রতি আহ্বান জানান সালাম মুর্শেদী।
স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, "গত ঈদের মতো এবারও বেতন ভাতাদি নিয়ে পোশাক শ্রমিকরা শান্তিপূর্ণভাবে উৎসব করতে পারবে। যদি কোনো সমস্যা হয়- তা দুই পক্ষের মধ্যে আলোচনার ভিত্তিতে সমাধান হবে।"
বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, র্যাব মহাপরিচালক, ডিএমপি কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৬১৬ ঘ.
bdnews24