২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পরিবেশবাদে ভূমিকা রাখতে পারে বীমা কোম্পানিগুলো'

বীমা কোম্পানিগুলো পরিবেশবাদী আচরণ গড়ে তোলার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2010, 04:14 PM

Updated : 25 Aug 2022, 07:34 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বীমা কোম্পানিগুলো পরিবেশবাদী আচরণ গড়ে তোলার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। অক্সফাম আয়োজিত প্রতীকী জলবায়ু আদালত পর্যবেক্ষক লন্ডনের ব্রিক কোর্ট চেম্বারসের আইনজীবী রিচার্ড লর্ড বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বীমাকারিরা মানুষকে পরিবেশবাদী হতে বাধ্য করতে পারে। তিনি বলেন, "জলবায়ু পরিবর্তন নিয়ে শিল্পপ্রতিষ্ঠানগুলো অনেক ক্ষেত্রেই সরকারের চেয়ে এগিয়ে আছে।" এ বিষয়ে শিল্প কারখানাগুলো অনেক সরকারের চেয়ে বেশি সচেতন ও অনেক ক্ষেত্রেই সরকারের চেয়ে বেশি দায়িত্বশীল কার্যক্রম চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, "তাদের ওপর অংশীদারদের পক্ষ থেকে চাপ থাকে। আন্দোলনকারীরা চাপ দেয়। তার ওপর সরকারের নিয়ন্ত্রকরা তো আছেই।" যুক্তরাষ্ট্রে হারিকেন ক্যাটরিনায় ক্ষতিগ্রস্তদের বীমা নিষ্পত্তির বিষয়ে অভিজ্ঞ এ আইনজীবী জলবায়ু পরিবর্তন সম্পর্কে বলেন, "বীমা কোম্পানিগুলো বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখে। কারণ, তাদের সব ধরনের ঝুঁকির বিষয়ে ওয়াকিবহাল থাকতে হয়।" তিনি বলেন, বীমার সম্পূর্ণ ঝুঁকি বোঝার জন্য কোম্পানিগুলো আবহাওয়ার ঝুঁকির কথা জানতে চায়। "যেমন, বন্যা প্রবণ এলাকার কোনো বাড়ির বীমার জন্য উচ্চ হারে প্রিমিয়াম পরিশোধ করতে হলে বেশির ভাগ ক্ষেত্রেই মালিক এর কারণ জানতে চাইবেন," বলেন তিনি। পক্ষান্তরে ওই এলাকার বাড়ির মালিকরা সরকারকে বন্যা মেকাবিলার ব্যাপারে পদক্ষেপ নিতে বাধ্য করতে পারে। ঝুঁকির বিষয়গুলো আরো ভালো করে বুঝে উঠার জন্য বীমা কোম্পানিগুলো এ বিষয়ে যতদূর সম্ভব বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছে। মানুষের আচরণে এর প্রভাব পরছে বলেও জানান তিনি। তেল, গ্যাস ও বাণিজ্যিক অন্যান্য বড় খাতগুলোর চেয়ে বীমা ক্ষেত্রটি আরো বড় উল্লেখ করে তিনি বলেন, যা পুরো বিশ্বেই গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করতে পারে। "বাণিজ্যিক কার্যক্রমের বিশাল একটি অংশ বীমা কোম্পানিগুলোর সঙ্গে জড়িত হওয়ায় এটি একটি অর্থনৈতিক শক্তি," তিনি বলেন। প্রতীকী আদালতের কার্যক্রম পরিদর্শনে এলেও এ বিষয়ে বাংলাদেশের আইনের বিষয়ে যথেষ্ট ধারণা না থাকায় এই আইনজীবী এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি পরিবেশ কিংবা মানবাধিকার বিষয়ক আইনজীবী নন উল্লেখ করে লর্ড বলেন, জলবায়ু পরিবর্তন ইস্যুটি মোকাবেলায় আইনি প্রক্রিয়া একটি অস্ত্র হলেও এটা সম্ভবত সবচেয়ে ভোঁতা অস্ত্র। "তবে উত্তরোত্তর এই সংকট বাড়তে থাকায় ও বিভিন্ন মহল এর পরিণতির বিষয়টি বুঝতে ব্যর্থ হওয়ায় জনগণ অবশ্যই জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে ভিন্ন কোনো উপায় ঠিক করবে।" তিনি বলেন, মজার বিষয় হচ্ছে অ্যাটমোস্ফেরিক ট্রাস্ট লিটিগেশন আইনটি 'এখনো শিশু' হলেও এর কারণে প্রাচীন বেশ কিছু মৌল নীতির প্রসঙ্গটি উঠে এসেছে। "সাধারণত সমাজের ওইসব মৌলিক সম্পদের বিষয়ে এটি প্রয়োগ করা হয় যার অধিকার থেকে কাউকে বিচ্ছিন্ন করা যায় না। সরকার যার সার্বভৌম মালিক। এবং এসবের রক্ষায় সরকারকেই সক্রিয় হতে হবে," বলেন তিনি। তিনি আরো বলেন, "সাধারণত প্রাকৃতিক সম্পদ, যেমন পানির ক্ষেত্রে এটি প্রয়োগ করা হয়।" অবশ্য জলবায়ু বিষয়ে এ ধরনের কোনো আইন রয়েছে কিনা এ বিষয়ে তিনি ওয়াকিবহাল নন বলে জানান। লর্ড বলেন, "অনেক দেশেই পরিচ্ছন্ন পরিবেশের অধিকার বিষয়টি সংবিধানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অথবা সাধারণ ও মানবাধিকারের সূত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে।" বাংলাদেশের সমস্যাগুলো আবেগতাড়িত হলেও প্রমাণ সাপেক্ষ নয় বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, "বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এ বিষয়ে তথ্য প্রমাণ হাজির করা না গেলে এর কার্যকারণ সম্পর্কটি প্রতিষ্ঠা করা যাবেনা।" বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, এ ধরনের প্রতীকী বিচার যা জটিল বিষয়গুলোকেও প্রকৃত বিচারে রূপান্তরিত করতে পারে। তিনি এ ব্যাপারে প্রতীকী বিবাদী পক্ষের উল্লেখ করে ব্রিটিশ নাগরিকদের জনপ্রতি ৮,৬০০ কিলোগ্রাম কার্বন ফুটপ্রিন্টের বিপরীতে বাংলাদেশি নাগরিকদের ২০০ কিলোগ্রাম কার্বন ফুটপ্রিন্টের কথা জানিয়ে বলেন, উদাহরণস্বরূপ- বাংলাদেশ সরকার বাদী পক্ষকে বলতে পারে, জলবায়ু পরিবর্তন ঠেকাতে ইতিমধ্যেই অনেক কিছু করা হয়েছে। "অপরপক্ষে, বিভিন্ন দেশের মধ্যে নেওয়া আইনী পদক্ষেপের সময় প্রতীকী বিবাদীর বিষয়টি দেখা যেতে পারে, একটি উন্নত দেশ যে কোনো ঐতিহাসিক দায়কে ঝেড়ে ফেলতে পারে। তারা দাবি করতে পারে বাংলাদেশ যে ভাবে চায় তারা সেভাবেই উন্নয়ন করেছে। "আমি বলতে পারছিনা, এমন কোনো পদ্ধতি রয়েছে কিনা যাতে বাংলাদেশি কর্তৃপক্ষ সরকারের বিরুদ্ধে কোনো মামলা করতে পারে, যেমনটা যুক্তরাষ্ট্রে রয়েছে।" "হয়তো জনগণ এ কারণেই পরিবেশের ক্ষতি করে এমন শিল্প করতে বাধা দেয়, তা বন্ধ করতে চায় কিংবা এর কারণে শিল্প স্থাপনের আগে পরিবেশের ওপর এর সম্ভাব্য প্রভাব খতিয়ে দেখতে চায়- এক বিচারে এ সবই ইতিবাচক।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেবি/পিডি/২২১০ ঘ.