২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে পোশাক কারখানায় ভাংচুর, ৫ কর্মকর্তাকে মারধর

মজুরি বাড়ানোর দাবিতে ঢাকার সাভারে একটি সোয়েটার কারখানায় শ্রমিকদের ভাংচুরের পর কারখানাটি ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2010, 09:30 AM

Updated : 25 Aug 2022, 07:34 PM

সাভার, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মজুরি বাড়ানোর দাবিতে ঢাকার সাভারে একটি সোয়েটার কারখানায় শ্রমিকদের ভাংচুরের পর কারখানাটি ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার পাঁচ কর্মকর্তাকে মারধর করেছে। পুলিশ বহিরাগত একজনকে আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে। সোমবার সকাল ৯টার দিকে সাভারের কলমা এলাকার 'হটড্রেস লিমিটেড' কারখানার শ্রমিকরা মজুরি বাড়ানোর দাবি তোলে। এক পর্যায়ে তারা কারখানায় ভাংচুর শুরু করে। খবর পেয়ে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারখানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সাভার মডেল থানার ওসি মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শ্রমিকদের বুঝিয়ে শান্ত করার পর তারা চলে যায়। কারখানাটিতে প্রায় ২৪শ শ্রমিক কাজ করে।" তিনি জানান, ঘটনাস্থল থেকে নাছির উদ্দিন নামের বহিরাগত একজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। কারখানার ব্যবস্থাপক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুই-তিনশ শ্রমিক কারখানার তৃতীয় তলা ও পাশের টিনশেড ঘরের বিভিন্ন যন্ত্রপাতি, কম্পিউটার, আসবাবপত্রসহ মূল্যবান মালামাল ভাংচুর করেছে।" তিনি জানান, শ্রমিকরা এসময় পাঁচ কর্মকর্তাকে মারধর করে। এরা হচ্ছেন- সহকারী ব্যবস্থাপক কাওসার আহম্মেদ, সহকারী মার্চেন্ডাইজার ইকবাল হোসেন, সহকারী প্রোডাকশন ম্যানেজার নজরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা আহসান উল্লাহ ও নিটিং ইনচার্জ মোশারফ হোসেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মিজানুর রহমান বলেন, এ ঘটনার পর কারখানায় একদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। তিনি জানান, রোববার বিকালে শ্রমিকদের বেতন দেওয়া হয়। তখন তারা কোনো আপত্তি করেনি। কিন্তু পরদিন সকালে এসে তারা মজুরি বাড়ানোর দাবি তোলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/কেএসএস/১৫২৭ ঘ.