ঢাকা, নভেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আদালতের আদেশ অমান্য করে দূষিত জাহাজ আমদানিতে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়ায় নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক ও রসায়নবিদের বিরুদ্ধে আদলত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট।
আদালত অবমাননার দায়ে তাদের কেন শাস্তি দেওয়া হবে না আগামী দুই সপ্তাহের মধ্যে নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক রিয়ার এডমিরাল বজলুর রহমান ও প্রধান রসায়নবিদ মোশাররফ আশরাফকে এর জবাব দিতে বলা হয়েছে।
রোববার বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ফরিদ আহমেদের বেঞ্চ বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) দায়ের করা আদালত অবমাননার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়।
নিঃশর্ত ক্ষমা চাওয়ায় আদালত পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মনোয়ার ইসলাম, একই অধিদপ্তরের পরিচালক (চট্টগ্রাম) জাফর আলম, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াজউদ্দিন আহমেদ ও কাস্টমস কালেক্টর (আমদানি) গোলাম কিবরিয়াকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে।
হাইকোর্ট আদালত অবমাননার এ আবেদনের ওপর পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আগামী ২৮ নভেম্বর।
দু'টি দূষিত জাহাজ 'এমভি বদ্রি' ও 'এমটি বিওকে' বাংলাদেশে প্রবেশে অনাপত্তিপত্র দেওয়ায় সরকারের উচ্চ পদস্থ আট কর্মকর্তার বিরুদ্ধে বেলা গত ২৯ সেপ্টেম্বর হাইকোর্টে আদালত অবমাননার আবেদন দায়ের করে।
৩০ সেপ্টেম্বর হাইকোর্ট তাদের মধ্যে ছয় জনের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না তার কারণ জানানোর নির্দেশ দেয়।
এর আগে ২০০৭ সালের ১৭ মার্চ বেলার এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে পরিবেশগত ও বর্জমুক্তকরণ ছাড়পত্র ছাড়া ভাঙ্গার জন্য জাহাজ আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রায় দিয়েছিল উচ্চ আদালত।
বেলার পক্ষে হাইকোর্টে শুনানি করেন অ্যাডভোকেট ইকবাল কবির লিটন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/১৮৫৫ঘ.
bdnews24