খুলনা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার ডুমুরিয়া উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছে।
রোববার প্রথম প্রহরে গুটুদিয়া ইউনিয়নের খড়িয়ার বিলে ওই 'বন্দুকযুদ্ধ' হয় বলে পুলিশ জানিয়েছে। নিহত মতিলাল শিকদার নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন।
ডুমুরিয়া থানার ওসি মো. আব্দুল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সহযোগীদের নিয়ে মতিলাল শিকদারের গোপন বৈঠকের খবর পেয়ে রাত দেড়টার দিকে খড়িয়ার বিলে অভিযান চালায় পুলিশের একটি দল।
"পুলিশের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে চরমপন্থীরা পিছু হটলে মতিলালকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।"
গুলিবিদ্ধ মতিলালকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। তার লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল থেকে একটি কাটা রাইফেল এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি জানান, মতিলালের বিরুদ্ধে হত্যার অভিযোগে তিনটিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
তিনি বলেন, "মনোরঞ্জন গোসাই ওরফে দাদা মৃণাল নিহত হওয়ার পর মতিলাল দলের হাল ধরেছিলো এবং চরমপন্থীদের সংগঠিত করার চেষ্টা করছিলো।"
মতিলাল গুটুদিয়া ইউনিয়নের উত্তর বিল পাবলা গ্রামের কালীপদ শিকদারের ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪২৪ ঘ.
bdnews24