২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেল হত্যার পুনর্বিচারের আবেদন

জেল হত্যাকাণ্ডের পুনর্বিচারের জন্য সর্বোচ্চ আদালতে আবেদন করেছে সরকার। (আরো তথ্যসহ-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2010, 06:54 AM

Updated : 25 Aug 2022, 07:34 PM

ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেল হত্যাকাণ্ডের পুনর্বিচারের জন্য সর্বোচ্চ আদালতে আবেদন করেছে সরকার। রোববার এ মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল আবেদনের ওপর প্রথম দিনের শুনানিতে সরকারের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, "জেল হত্যার বিচার হলেও ন্যায়বিচার হয়নি। হত্যাকাণ্ডের ষড়যন্ত্র হয়েছে বঙ্গভবন থেকে। ষড়যন্ত্রে কারা জড়িত ছিলো, তা জানার জন্য মামলার পুনর্বিচার প্রয়োজন। তাই আমরা পুনর্বিচার চাই।" প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চে সকাল ৯টা ৪৫ মিনিটে এ মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের আপিলের আবেদনের শুনানি শুরু হয়। দুপুর ১টায় শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি করে আদালত। প্রথম দিনের শুনানিতে অ্যাটর্নি জেনারেল, এ মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক ও আসামি পক্ষের কৌঁসুলি আবদুল্লাহ আল মামুন বক্তব্য রাখেন। অ্যাটর্নি জেনারেল বলেন, "মামলাটিতে ষড়যন্ত্র, হত্যাকাণ্ডে অংশগ্রহণ ও হত্যাকাণ্ডে সহযোগিতার অপরাধ সংঘটিত হয়েছে। বিচারিক আদালতে হত্যাকাণ্ডে অংশগ্রহণ ও হত্যাকাণ্ডে সহযোগিতার অপরাধের বিচার হয়েছে। কিন্তু ষড়যন্ত্রের অপরাধের বিচার হয়নি। শাহ মোয়াজ্জেম হোসেন, নুরুল ইসলাম ও খায়রুজ্জামান জেল হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন।" তিনি মামলাটি পুনরায় বিচারের জন্য নিু আদালতে পাঠানোর আবেদন জানান। আদালত বলেন, সাক্ষ্যে দেখা যায়, বঙ্গভবনে ষড়যন্ত্র হয়েছিল-এ নিয়ে কোনো সন্দেহ নেই। আদালত প্রশ্ন রেখে বলেন, সাক্ষ্য প্রমাণের অভাবে কী এ মামলার বিচার সঠিকভাবে হয়নি? অ্যাটর্নি জেনারেল হ্যাঁসূচক জবাব দিয়ে বলেন, এ মামলায় হাইকোর্টের রায় ছিল বিকৃত। জেলহত্যা মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌসুলি আনিসুল হক শুনানিতে বলেন, "এ মামলায় নিু আদালতে বিচার চলাকালে আসামীরা প্রভাবশালী ছিল। তারা এ মামলার বিচারকে প্রভাবিত করেছে।" তিনি বলেন, নিু আদালতে ন্যায়বিচার না পাওয়ার আশংকায় মামলার বিচার স্থগিতের আবেদন জানানো হয়েছিল। কিন্তু সেই আবেদন গ্রহণ করা হয়নি। হাইকোর্টেও একই আবেদন করা হয়েছিল। তাও গ্রহণ করা হয়নি। আনিসুল হক এ মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের দায়ের করা লিভ টু আপিল মঞ্জুরের আবেদন জানান। মামলায় আসামী পক্ষের কৌসুলি ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বলেন, "আমার আসামী বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিন আহমেদের বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডের সাজা কার্যকর হয়ে গেছে।" বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার পর বঙ্গবন্ধু মামলার চূড়ান্ত নিষ্পত্তি শেষে বহু প্রতীক্ষিত জেল হত্যামামলারও চূড়ান্ত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হলো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পর ১৯৭৫ সালের ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয়। জাতীয় চার নেতা হত্যামামলার অধিকাংশ আসামি আদালতের রায়ে খালাস পাওয়ায় এর পুনর্বিচারের বিষয়টি উঠে এসেছে। চার নেতার সন্তান আওয়ামী লীগ নেতারা সে দাবি করে আসছেন। এ মামলার আসামিদের মধ্যে কয়েকজনকে বঙ্গবন্ধু হত্যামামলায় ফাঁসিতে ঝোলানো হয়েছে। তবে তাতেও মামলার গুরুত্ব কমেনি বলে মনে করেন আনিসুল হক। তিনি মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জেলহত্যা মামলার আদর্শ ও গুরুত্ব ভিন্ন। কারণ রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় মুক্তিযুদ্ধে অংশ নেওয়া জাতীয় চার নেতাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এজন্য এ মামলার গুরুত্ব রয়েছে।" জেল হত্যাকাণ্ডের পর মামলা দায়েরের ২৩ বছর পর আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় গেলে ১৯৯৮ সালের ১৫ অক্টোবর ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ মো. মতিউর রহমান রায় দেন। রায়ে রিসালদার মোসলেম উদ্দিন (পলাতক), দফাদার মারফত আলী শাহ (পলাতক) ও এল.ডি. (দফাদার) আবুল হাসেম মৃধাকে (পলাতক) মৃত্যুদণ্ড দেওয়া হয়। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় বঙ্গবন্ধু হত্যামামলার ফাঁসির আসামি সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, বজলুল হুদাসহ ১৫ জনকে। খালাস পান বিএনপি নেতা কেএম ওবায়দুর রহমান, শাহ মোয়াজ্জেম হোসেন, নুরুল ইসলাম মঞ্জুর ও তাহেরউদ্দিন ঠাকুর। এ রায়ের বিরুদ্ধে আপিল হলে হাইকোর্ট ২০০৮ সালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি মারফত আলী ও হাশেম মৃধাকে অব্যাহতি দেয়। রায়ে মোসলেমের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ফারুক, শাহরিয়ার রশিদ, বজলুল হুদা ও একেএম মহিউদ্দিন আহমেদকেও খালাস দেয় হাইকোর্ট। হাইকোর্ট বহাল রাখে আট সেনা কমকর্তার সাজা। তারা হলেন- খন্দকার আবদুর রশিদ, শরিফুল হক ডালিম, এমএইচএম বি নূর চৌধুরী, এএম রাশেদ চৌধুরী, আহমদ শরিফুল হোসেন, আবদুল মাজেদ, মো. কিসমত হোসেন ও নাজমুল হোসেন আনসর। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে ২০০৯ সালের ১৪ সেপ্টেম্বর আপিলের আবেদন (লিভ টু আপিল) করে সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/কেএমএস/এমআই/এইচএ/১৮০৭ ঘ.