সাতক্ষীরা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনে একটি গুলিবিদ্ধ হরিণসহ দুজন শিকারীকে আটক করে পুলিশে দিয়েছে বন বিভাগ।
শনিবার ভোররাতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কমদতলা স্টেশনের চুনকুড়ী ও মীরগাং নদীর সংযোগস্থলে অবৈধভাবে শিকারের সময় তাদের আটক করা হয় বলে জানিয়েছেন সুন্দরবন (পশ্চিম) বনবিভাগের সহকারী বন সংরক্ষক তৌফিকুল ইসলাম।
গ্রেপ্তার শিকারীরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের রফিকুল ইসলাম ও কলবাড়ী গ্রামের ফরিদ আলী। তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা হয়েছে।
বন কর্মকর্তা তৌফিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শনিবার ভোররাতে চুনকুড়ী ও মীরগাং নদীর মোহনায় বন বিভাগের টহল দল দুটি ট্রলারকে থামার নির্দেশ দিলে তারা পালাতে থাকে। তখন বনকর্মীরাও তাদের পিছু নেয়। এক পর্যায়ে ট্রলার ভিড়িয়ে লোকালয়ে পালানোর চেষ্টার সময় দুই শিকারীকে ধরে ফেলে বনকর্মীরা।"
পরে ট্রলারে তল্লাশি চালিয়ে একটি প্রাপ্তবয়স্ক গুলিবিদ্ধ মাদী হরিণ উদ্ধার করা হয়।
বনকর্মীরা দুই শিকারীকে আটক করলেও তাদের পাঁচ সহযোগী পালিয়ে যায়। তবে চুনকুড়ী টহল ফাঁড়ির ওসি নাঈমুল ইসলাম বাদি হয়ে সাতজনকে আসামি করে মামলা করেছেন।
আটক রফিকুল ও ফরিদ জানিয়েছে, তারা বৃহস্পতিবার রাতে দুটি ট্রলার নিয়ে সুন্দরবনে অবৈধ শিকারে বের হয়। দুইদিনে মোট সাতটি হরিণ তারা শিকার করে।
এদিকে সুন্দরবনের জেলে চুনকুড়ী গ্রামের আমির গাজী, আব্দুর রশিদ ও খোকন মল্লিক স্থানীয় সাংবাদিকদের জানান, তারা নদীতে পেট চেরা পাঁচটি হরিণ ভাসতে দেখেছেন।
বন কর্মকর্তারা বলছেন, ধাওয়ার মুখে শিকারীরা ট্রলার থেকে এ সব হরিণের পেট চিরে নদীতে ফেলে দিয়েছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৪৫ ঘ.
bdnews24