ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'জল' আরো শক্তিশালী হয়ে প্রবল আকার ধারণ করেছে।
এর কারণে দেশের সমুদ্রবন্দরগুলোতে ০২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৭টায় আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় 'জল' সামান্য উত্তর-পশ্চিম দিকে সরে ঘণীভূত হয়ে প্রবল আকার ধারণ করে একই এলাকায় অবস্থান করছে।
সকাল ৬টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৪৮৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৪০৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং মংলা সমুদ্রবন্দর থেকে ১৪১০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিলো। এটি আরো ঘণীভূত হয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১১৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
বুলেটিনে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে ০২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/কেএমএস/১১০৭ ঘ.
bdnews24