সিরাজগঞ্জ, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া আরো তিনজনের পরিবারকে অনুদান দিয়েছে বিএনপি।
এ নিয়ে নিহত সাতজনের পরিবারকে এক লাখ টাকা করে অনুদান দিলো বিরোধীদল।
বুধবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি এলাকার হাসনা গ্রামের নিহত শাবান মির্জার বাড়ির সামনে সভা করে দুটি পরিবারের কাছে অনুদান হস্তান্তর করেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য রুমানা মাহমুদ।
এ দুটি পরিবার হলো- সুরুতজ্জামান মির্জা ও শাবান মির্জার পরিবার।
সংসদ সদস্য বিকালে কামারখন্দ উপজেলার হালুয়াকান্দির গ্রামের বাসিন্দা স্থানীয় বিএনপি নেতা ফারুক তালুকদারের পরিবারকে অনুদান দেন।
এর আগে চার পরিবারকে ঢাকায় অনুদান দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
এরা হলেন- কামারখন্দ উপজেলার বালুকুলু গ্রামের নূরুন্নবী, এনায়েতপুর উপজেলার জালালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি ঠাণ্ডু, টাঙ্গাইলের ভূয়াপুর এলাকার আব্দুল লতিফ ও বাতেন।
১১ অক্টোবর সিরাজগঞ্জে সয়দাবাদে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাবেশস্থলের কাছে ট্রেনে কাটা পড়ে সাতজন মারা যায়। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রেনটি থামিয়ে গার্ড ও চালককে মারধর করে। পরে ট্রেনে আগুন ধরিয়ে দেয়।
দ্রুতযান এক্সপ্রেস নামের ট্রেনটি দিনাজপুর থেকে ঢাকা যাওয়ার পথে এই ঘটনা ঘটে।
সরকারি তদন্ত সংস্থা এটাকে দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করেছে। অন্যদিকে বিএনপি এই ঘটনার জন্য সরকারকে দায়ী করেছে।
এ ঘটনায় এই পর্যন্ত অন্তত আটটি মামলা হয়েছে। এসব মামলায় বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতাসহ ৩৮ জনকে আসামি করা হয়েছে। এছাড়া আরো কয়েক হাজার অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে।
এই পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে অন্তত ৮০ জনকে।
সিরাজগঞ্জের ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এর আগে যোগযোগমন্ত্রীও বলেছেন, সরকার ক্ষতিপূরণ দেওয়ার চিন্তাভাবনা করছে।
বুধবার দুপুর ১টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের হাসনা গ্রামে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সংসদ সদস্য রুমানা মাহমুদ, সদর উপজেলা বিএনপির সভাপতি মজিবুর রহমান লেবু, সাধারণ সম্পাদক অমর কৃষ্ণ দাস, শহর বিএনপির সভাপতি নাজমুল হাসান তালুকদার প্রমুখ।
সরকারের দুঃশাসনের বিরুদ্ধে খালেদা জিয়ার ডাকে আন্দোলনে ঐক্যবদ্ধভাবে সব নেতাকর্মীকে যোগ দেওয়ার আহ্বান জানান সংসদ সদস্য রুমানা মাহমুদ।
সভায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুদান নেওয়ার সময় সুরুতজ্জামান ও শাবান মির্জার স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়ে। রুমানা মাহমুদ তাদের সান্ত্বনা এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩১ ঘ.
bdnews24