২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে আধবেলা সড়ক অবরোধ বিএনপির

বিরোধী দলীয় চিফ হুইপের গাড়ি বহরে হামলার প্রতিবাদে বুধবার খাগড়াছড়িতে অর্ধদিবস সড়ক অবরোধের ডাক দিয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2010, 06:48 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

খাগড়াছড়ি, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় চিফ হুইপের গাড়ি বহরে হামলার প্রতিবাদে বুধবার খাগড়াছড়িতে অর্ধদিবস সড়ক অবরোধের ডাক দিয়েছে বিএনপি। সোমবার খাগড়াছড়ির মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে একটি মানহানি মামলায় হাজিরা দিয়ে ফেরার পথে জয়নুল আবদিন ফারুকসহ তিন বিএনপি নেতার গাড়িবহরে হামলা হয়। জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মো. আবু ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সড়ক অবরোধ চলাকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি-ঢাকা রুটসহ উপজেলার প্রধান সড়কসমূহে দূরপাল্লার গাড়িসহ কোনো ভারি যানবাহন চলাচল করতে পারবে না। তবে অ্যাম্বুলেন্স, দমকল, সংবাদপত্র ও সাংবাদিকদের বহনকারী যানবাহন এর আওতার বাইরে থাকবে। এদিকে জেলা আওয়ামী লীগ জেল হত্যা দিবস উপলক্ষে দিনব্যাপী অনষ্ঠানের আয়োজন করেছে। তাদের অনুষ্ঠানের মধ্যে রয়েছে- নারিকেল বাগানে দলের প্রধান কার্যালয়ে সকাল ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, কামরুজ্জামান, মনসুর আলী ও তাজউদ্দিন আহম্মেদের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ। ৯টায় চার নেতা হত্যার পুনর্বিচারের দাবিতে জেলা শহরে র‌্যালি করবে। দু'দলের সর্মসূচির কারণে খাগড়াছড়ি শহরের পরিস্থিতি কিছুটা উত্তপ্ত রয়েছে। খাগড়াছড়ি সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, যেকোনো ধরনের সংঘর্ষ ও অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য পুলিশ কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেবে। প্রধানমন্ত্রী পুত্র সজীব আহমেদ ওয়াজেদ সম্পর্কে বিরূপ মন্তব্য করার অভিযোগে খাগড়াছড়ির মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে একটি মানহানি মামলা হয়। মামলার আসামি বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও আশরাফ উদ্দিন নিজাম আদালত থেকে বের হয়ে সার্কিট হাউজে যাওয়ার সময় তাদের গাড়ি লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪২ ঘ.